নাচে গানে জমজমাট চবির হীরক জয়ন্তী উৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব
পাহাড়, ঝরনা ও সবুজে ঘেরা প্রকৃতির পাদপীঠে গড়ে ওঠা দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পার করল গৌরবের ৬০ বছর।
আজ বুধবার দিনব্যাপী স্মৃতিচারণ, কথামালা, সংগীতানুষ্ঠানসহ নানা আয়োজনে উদ্যাপিত হলো বিশ্ববিদ্যালয়টির হীরকজয়ন্তী।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা (র্যালি) বের হয়। র্যালিটি সমাজবিজ্ঞান অনুষদ ও নিরাপত্তা দপ্তর মোড় ঘুরে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। এ সময় কেক কাটা, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজারো অ্যালামনাই বা প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। শাটল ট্রেন ও চবির চেনা ঝুপড়ির আড্ডার পুরনো স্মৃতি রোমন্থনে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। নেচে গেয়ে তারা বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীকে স্মরণীয় করে রাখেন।
হীরকজয়ন্তীর আলোচনাসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে অপার সম্ভাবনা রয়েছে, তাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এটিকে আরও কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের মানসম্মত গবেষণা বৃদ্ধি, কৃষি, সমুদ্রবিজ্ঞান, টেকনিক্যাল শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোচ্চ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বললেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য অর্জন সম্ভব নয়, এর পাশাপাশি গবেষণার পরিধি ও কার্যক্রম ব্যাপকভাবে বাড়াতে হবে। দেশের বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার সংযোগ স্থাপনের কাজ চলছে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অতীতের পাশাপাশি বিগত দুই দশকে বিদেশি শিক্ষার্থী ও শিক্ষক আকর্ষণে কিছু ব্যর্থতার কথা তুলে ধরেন। তবে বিগত আট মাসে বিশ্ববিদ্যালয়কে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে আন্তর্জাতিক অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন এবং ১২৫টি করপোরেট কোম্পানির সঙ্গে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশন’ চালু করার কথা জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
দিনের আনুষ্ঠানিকতা ও আলোচনা পর্ব শেষে সন্ধ্যায় চবির কেন্দ্রীয় খেলার মাঠে মঞ্চে ওঠে দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড ‘নগর বাউল’। রকস্টার জেমস ও তার দলের পরিবেশনায় পুরো ক্যাম্পাস মেতে ওঠে তারুণ্যের উল্লাসে। ‘লোকে বলে বলে রে...’ কিংবা ‘বাবা কতদিন দেখি না তোমায়’-এর সুরের মূর্ছনায় বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইদের কণ্ঠে মুখরিত হয়ে ওঠে পাহাড়ঘেরা ক্যাম্পাস। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এ কনসার্টের মাধ্যমেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তির বর্ণাঢ্য হীরকজয়ন্তী উৎসবের সমাপ্তি ঘটে। যদিও দুপুরে শাখা ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি মিছিল ও অবস্থানকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।




