জাপানে ক্ষমা চাওয়ার লোকও ভাড়া পাওয়া যায়!

সরি বলতে জাপানে চাইলে অন্য একজনকে ভাড়া করা যায়
কারও সঙ্গে মনোমালিন্য হয়েছে? বন্ধুর সঙ্গে বাকবিতন্ডা? হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গেই ভুল বুঝাবুঝি। মান ভাঙাতে হবে, অথবা বন্ধুর কাছে ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। কিন্তু কিছুতেই মুখ ফুটে সরি বলতে পারছেন না। এমন পরিস্থিতিতে জাপানে চাইলে অন্য একজনকে ভাড়া করতে পারেন। তিনি আপনার হয়ে হাজির হবেন, বিনয়ের সঙ্গে মাথা নত করবেন, ভুল স্বীকার করবেন, এমনকি প্রয়োজন হলে কাকুতি-মিনতিও করবেন। বিনিময়ে দিতে হবে নির্দিষ্ট অঙ্কের টাকা।
শুনতে অদ্ভুত মনে হলেও জাপানে এটি একধরনের পেশাদার সেবা। নাম ‘শাজাই দাইকো’। জাপানি এই শব্দের অর্থ অন্যের হয়ে ক্ষমা চাওয়া। এ কাজে যুক্ত ব্যক্তিরা পেশাদারভাবে অন্যের হয়ে ক্ষমা প্রার্থনা করেন। কখনো ফোনে, কখনো চিঠিতে, আবার কখনো সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির সামনে হাজির হয়ে। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে শুরু করে ব্যবসায়িক বিরোধ- বিভিন্ন পরিস্থিতিতে তাদের ডাক পড়ে।
অন্যের হয়ে ক্ষমা চাওয়ার ব্যবসা
জাপানের এমনই একটি প্রতিষ্ঠান শাজাইয়া। এ ধরনের সেবা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২০১৪ সালে চালু হওয়া একটি ক্ষমা প্রার্থনার এজেন্সির প্রতিষ্ঠাতা কুরোকাওয়া একসময় জানিয়েছিলেন, তার প্রতিষ্ঠানের অধীনে জাপানের বিভিন্ন অঞ্চলে প্রায় ১২০ জন প্রতিনিধি কাজ করতেন। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী তাদের দায়িত্ব দেওয়া হতো। কেউ ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীর পরিচয়ে, কেউ আবার আত্মীয়স্বজনের পরিচয়ে গিয়ে ক্ষমা চাইতেন।
ধরা যাক, কোনো প্রতিষ্ঠানের কর্মীর ভুলে একজন ক্রেতা ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। প্রতিষ্ঠানটির পক্ষে সরাসরি পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তখন একজন প্রতিনিধি গিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষমা চাইতে পারেন। আবার কোনো দাম্পত্য বা প্রেমের সম্পর্কে বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তির হয়ে ক্ষমা চাইতে পারেন অন্য কেউ। পরিস্থিতি বুঝে প্রতিনিধির পরিচয়, পোশাক ও কথাবার্তাও ঠিক করা হয়।
এ সেবার জন্য খরচও কম নয়। জাপানের শাজাই প্রো নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত মূল্যতালিকা অনুযায়ী, ফোনে ক্ষমা চাওয়ার জন্য সর্বনিম্ন ৩০ হাজার ইয়েন, সরাসরি গিয়ে ক্ষমা চাওয়ার জন্য ৫০ হাজার ইয়েন এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তা বা আত্মীয়ের পরিচয়ে প্রতিনিধিত্ব করার জন্য ১ লাখ ইয়েন থেকে খরচ শুরু হয়। এগুলো কর ও অন্যান্য সম্ভাব্য খরচের আগের সর্বনিম্ন মূল্য।
ক্ষমা চাওয়ার পেছনে সংস্কৃতি
জাপানি সমাজে ক্ষমা চাওয়াকে কেবল ভুল স্বীকারের বিষয় হিসেবে দেখা হয় না; সম্পর্কের টানাপোড়েন কমানো এবং সামাজিক সৌহার্দ্য ফিরিয়ে আনারও একটি উপায় হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সামাজিক আচরণ ও ক্ষমা প্রার্থনার রীতি নিয়ে গবেষণাতেও বিষয়টি উঠে এসেছে। অনেক ক্ষেত্রে নিজের সরাসরি দায় না থাকলেও পরিস্থিতি শান্ত করতে মানুষ দুঃখ প্রকাশ করেন।
তবে অন্যের হয়ে ক্ষমা চাওয়ার এই ব্যবসা নিয়ে প্রশ্নও আছে। যিনি ভুল করেছেন, তার বদলে অন্য কেউ ক্ষমা চাইলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কষ্ট কি সত্যিই কমে? ক্ষমা প্রার্থনা কি কেবল আনুষ্ঠানিকতা, নাকি এর সঙ্গে অনুশোচনা ও দায় স্বীকারের সম্পর্ক রয়েছে?
শেষ পর্যন্ত ক্ষমা চাওয়ার জন্য কাউকে ভাড়া করা গেলেও অনুশোচনাটা তো আর ভাড়া করা যায় না।
সূত্র: টোকিও উইকেন্ডার, জয়ন টোকিও




