ইরানের ভয়ে মধ্যপ্রাচ্য জুড়ে বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন বিমানঘাঁটিতে অতীতে ব্যবহৃত প্রিফ্যাব্রিকেটেড (আগে থেকে তৈরি) বাঙ্কারের একটি ছবি। ছবি: মার্কিন বিমানবাহিনী
ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। ইরানি হামলার মুখে মার্কিন সেনাদের সুরক্ষায় মধ্যপ্রাচ্য জুড়ে বাংকার নির্মাণের তোড়জোড় চালাচ্ছে। গত ১৩ নভেম্বর প্রকাশিত একটি সরকারি ক্রয় বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসরায়েল, সৌদি আরব ও লেবাননে ১৭টি শক্তিশালী কংক্রিটের বাংকার নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে মার্কিন এবং জোট বাহিনীর সদস্যদের রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭টি বাংকার পাঁচটি সামরিক স্থাপনায় নির্মাণ করা হবে— যার একটি থাকবে ইসরায়েলে এবং দুটি করে থাকবে সৌদি আরব ও লেবাননে। নিরাপত্তার কারণে সেনাবাহিনী এ স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান গোপন রেখেছে। জানানো হয়েছে, আনুষ্ঠানিক দরপত্র আহ্বানের পর শুধু যোগ্য ঠিকাদারদেরই এই স্থানগুলোর নাম ও স্থানাঙ্ক (কো-অর্ডিনেট) জানানো হবে। প্রতিটি বাংকারে থাকবে তিনটি প্রি-কাস্ট রিইনফোর্সড কংক্রিট (প্রস্তুতকৃত কংক্রিট কাঠামো) অংশ, কংক্রিটের আড়ালযুক্ত ইস্পাতের প্রবেশদ্বার এবং বালুর বস্তা দিয়ে শক্তিশালী করা বাইরের দেয়াল। আক্রমণ থেকে সুরক্ষার জন্য প্রতিটি বাংকারের ছাদ অন্তত ১৮ ইঞ্চি পুরু বালুর বস্তার স্তর দিয়ে ঢেকে দেওয়া হবে। ফক্স নিউজ
মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হলো। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের হামলায় অন্তত ২৩ মার্কিন সেনা নিহত হয়েছেন।
গত মঙ্গলবার বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরান। গত পাঁচ দিনে এটি ছিল ওই ঘাঁটিতে তাদের তৃতীয় হামলা। উপসাগরীয় অঞ্চলে দুই মাস বিরতির পর বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে আসা ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছে। মার্কিন সেনাবাহিনী ইসরায়েলে ১০টি, সৌদি আরবে পাঁচটি এবং লেবাননে দুটি বাংকার নির্মাণের পরিকল্পনা করেছে। এগুলো শিপিং কনটেইনার দিয়ে তৈরি অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোর জায়গা নেবে।
বিজ্ঞপ্তিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, আঞ্চলিক পর্যায়ে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায়, কর্মীদের সুরক্ষার জন্য ব্যবহৃত আশ্রয়কেন্দ্রগুলো (যেমন— রূপান্তরিত শিপিং কনটেইনার) দ্রুত সরিয়ে ফেলা প্রয়োজন। এর পরিবর্তে মানসম্মত, আগে থেকে তৈরি (প্রি-কাস্ট) এবং শক্তিশালী কংক্রিটের বাংকার স্থাপন করা এখন অত্যন্ত জরুরি ও অগ্রাধিকারমূলক বিষয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর উদ্দেশ্য হলো ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন এলাকায়, বিভিন্ন দেশে সম্ভাব্য বৈরী পরিবেশে কর্মরত মার্কিন ও জোটভুক্ত সামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা।
সস্তা ড্রোন হামলার মুখে মার্কিন প্রতিরক্ষাব্যবস্থা হিমশিম খাচ্ছে; পেন্টাগন ড্রোন খাতে বিনিয়োগ ২২৫ থেকে বাড়িয়ে ৫৫ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। পারস্য উপসাগর জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেডি ভ্যান্স বলেছেন, আমেরিকানদের আতঙ্কিত হয়ে পণ্য মজুদ করার প্রয়োজন নেই। তবে পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের মিত্ররা সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।



