নিউইয়র্কে নিজ ভাষায় বিনা খরচে আইনী সহযোগিতা পাবেন অভিবাসীরা
- আইনী সহায়তার আওতায় আছেন বাংরাদেশিরাও

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি
নিউইয়র্ক সিটিতে নবাগত ইমিগ্রান্টদের আইনী সহায়তা দেবার জন্য ১৫ লক্ষ ডলার বরাদ্দের ঘোষনা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। এর মাধ্যমে নিউইয়র্কবাসীদের জন্য অভিবাসন মর্যাদা নির্বিশেষে বিনামূল্যে, নিরাপদ ও গোপনীয় আইনি সহায়তা পাওয়ার সুযোগ সম্প্রসারিত হলো।
মেয়র জোহরান মামদানি ১৭ নভেম্বর ‘নিউইয়র্ক সিটি মেয়রস অফিস অফ ইমিগ্র্যান্ট অ্যাফেয়ার্স’ এর ‘ইমিগ্রেশন লিগ্যাল সাপোর্ট হটলাইন’ (অভিবাসন বিষয়ক আইনি সহায়তা হটলাইন)—এর কার্যক্রমের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এখন থেকে নিউইয়র্কবাসীরা সপ্তাহে সাত দিনই এই হটলাইনে কল করতে পারবেন। অভিবাসন মর্যাদা যাই হোক না কেন, তারা এখানে নিজেদের পছন্দের ভাষায় বিনামূল্যে, নিরাপদ ও গোপনীয় আইনি সহায়তা পেতে পারেন। এতে বাংলা ভাষাও অন্তর্ভূক্ত রয়েছে। বাংলাদেশিরা সহজেই নিজ ভাষায় আইনগত সহায়তা পাবেন। এছাড়া, এই হটলাইনের মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা হয় এবং বিভিন্ন কমিউনিটি রিসোর্সের (সামাজিক সহায়তা পরিষেবা) সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। যা নিউইয়র্কবাসীদের তাদের হাতে থাকা বিকল্পগুলো বুঝতে সাহায্য করে।
মেয়র জোহরান কোয়ামে মামদানি বলেন, ৩০ লাখেরও বেশি অভিবাসী নিউইয়র্ক সিটিকে তাদের আবাসস্থল হিসেবে বেছে নিয়েছেন। তাদের প্রত্যেকেরই অধিকার রয়েছে নিজেদের আইনি অধিকার সম্পর্কে জানার। নিজেদের হাতে থাকা বিকল্পগুলো বোঝার এবং প্রয়োজনে সহায়তা পাওয়ার জন্য কাউকে পাশে পাওয়ার। তিনি আরও বলেন, প্রায় ১৫ লক্ষ ডলারের নতুন অর্থায়নের ফলে, আমাদের ‘ইমিগ্রেশন লিগ্যাল সাপোর্ট হটলাইন’ এখন সপ্তাহান্তসহ সপ্তাহে সাত দিনই চালু থাকবে। এতে কর্মজীবী নিউইয়র্কবাসীরা ফোন করার মতো কিছুটা অবসর সময় পাবেন। ফেডারেল সরকার যখন আমাদের এলাকাগুলোতে ভয় ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, তখন নিউইয়র্ক সিটি তার বিপরীতে কার্যকর ও বাস্তব সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। আমি যতদিন মেয়র আছি, এই শহরের প্রতিটি অভিবাসী তাদের পাশে আমাকে বা আমাদের প্রশাসনকে পাবেন। আপনার পছন্দের ভাষায় বিনামূল্যে ও গোপনীয়তায় সহায়তায় পাবার নিশ্চয়তা রইলো।
সেবার মান উন্নত করতে এবং বহুভাষিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে, হটলাইনটিতে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া, অফিস সময়ের বাইরে ফোন ধরার ও পরে কলব্যাক করার ব্যবস্থা এবং একটি ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমও বাস্তবায়ন করা হচ্ছে।
তথ্য: https://www.nyc.gov/mayors-office



