টানা সপ্তম দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

টানা সপ্তম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে টানা সপ্তম রাতের মতো সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম)। শুক্রবার যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৩টায়, নতুন করে শুরু করা হয় এ হামলা।
সেন্টকমের দাবি, ইরানের ওপর সর্বশেষ নৌ অবরোধ শুরুর পর প্রথম তিন দিনে চারটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে তারা। এছাড়াও একটি জাহাজ অচল করে দিয়েছে এবং আরেকটিতে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে। গত মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ৮টা থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর নতুন করে কার্যকর করা হয় এ নৌ অবরোধ।
এদিকে কাতারের দোহা থেকে সাংবাদিক হামজা মোহাম্মদ জানিয়েছেন, শুক্রবার ভোরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একাধিক হামলা চালিয়েছে ইরান। তার ভাষ্য, কুয়েত ছিল হামলার শিকার হওয়া দেশগুলোর একটি। জর্ডানেও হামলার খবর পাওয়া গেছে। দেশটির রাজধানী আম্মান জানিয়েছে, তাদের আকাশসীমায় কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
তিনি আরও উল্লেখ করেন, বাহরাইনেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। কাতারে শুক্রবার ভোরে বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। পরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। কাতারের কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করা হয়েছে। এসব প্রতিরোধ অভিযানের সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছে এক শিশু।





