তিন পরাশক্তির ঐতিহাসিক বৈঠকের প্রস্তুতি
ইউরোপকে ছাড়াই বিশ্ব রাজনীতির ছক ট্রাম্প শি পুতিনের
- আলোচনার বাইরে ইউরোপীয় নেতৃত্ব
- পূর্বনির্ধারিত আলোচ্যসূচি ছাড়াই বৈঠকের উদ্যোগ
- পরমাণু অস্ত্র, ইরান ও বাণিজ্য নিয়ে আলোচনা
- বিশ্ব রাজনীতিতে নতুন শক্তি সমীকরণের সম্ভাবনা

বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে নতুন করে সাজানো হচ্ছে ঘুঁটি। একদিকে ওয়াশিংটন। অন্যদিকে মস্কো ও বেইজিং। তিন পরাশক্তির হাতে যেন ঘুরছে পৃথিবীর ভবিষ্যতের চাবিকাঠি। অথচ সেই আলোচনার টেবিলে ইউরোপের জন্য নেই কোনো চেয়ার। যে মহাদেশের নিরাপত্তা, অর্থনীতি আর যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হতে পারে, তার নেতৃত্বই থাকছে আলোচনার বাইরে। চীনের শেনঝেনে ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক তাই তুলছে নতুন প্রশ্ন। বিশ্ব কি এমন এক যুগে প্রবেশ করছে, যেখানে শক্তিধর তিন দেশের সিদ্ধান্তেই বদলে যাবে আন্তর্জাতিক রাজনীতির গতিপথ? আর ইউরোপ কি নিজের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা হারাতে বসেছে?
গত সোমবার রুশ সংবাদমাধ্যম প্রাভদায় প্রকাশিত প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী মাকসিম বারদিন। রাশিয়ার ‘অফিসার্স অব রাশিয়া’ সংগঠনের বিশেষজ্ঞ পরিষদের সদস্য বারদিনের মতে, ইউরোপকে ছাড়াই তিন শক্তিধর দেশের আলোচনা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মোড়ের ইঙ্গিত। আগামীকাল বৃহস্পতিবার শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠকের পরিকল্পনা রয়েছে। হোয়াইট হাউজ, ক্রেমলিন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৈঠকের প্রস্তুতির কথা।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং একে ‘যুগান্তকারী তাৎপর্যপূর্ণ’ বলে বর্ণনা করেছেন। তার বক্তব্য, বিশ্বশান্তি ও পরাশক্তিগুলোর সম্পর্ক স্থিতিশীল রাখাই আলোচনার লক্ষ্য। প্রাভদার প্রতিবেদনে ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে বলা হয়েছে, তিন নেতা পূর্বনির্ধারিত কঠোর আলোচ্যসূচি ছাড়াই বসতে পারেন। বারদিনের ব্যাখ্যা, এতে মতপার্থক্য পাশ কাটিয়ে খোলামেলা আলোচনার সুযোগ বাড়বে। তার ভাষায়, ‘এটি পরীক্ষামূলক পদক্ষেপ। ইউরোপকে ছাড়াই রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলা গুরুতর বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবে।’
আলোচনায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান সংকট, মহাকাশে সামরিক প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বাণিজ্যবিরোধ আসতে পারে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শেষ বড় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন সমঝোতায় চীনকেও চান ট্রাম্প। কিন্তু নিজেদের অপেক্ষাকৃত ছোট অস্ত্রভাণ্ডারের কথা তুলে বেইজিং এতদিন ত্রিপক্ষীয় অস্ত্রসীমা আলোচনায় অনাগ্রহ দেখিয়েছে।
ইউক্রেন নিয়েও রয়েছে অনিশ্চয়তা। মার্কিন কর্মকর্তারা প্রথমে বলেছিলেন, বিষয়টি আলোচনায় আসবে না। পরে ট্রাম্প নিজেই জানিয়েছেন, ইউক্রেন নিয়েও কথা বলতে চান তিনি। তবে কিয়েভ বা ইউরোপীয় নেতারা এই ত্রিপক্ষীয় বৈঠকের অংশ নন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থায় ২১টি অর্থনীতি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য নয়। তাই শেনঝেনের ত্রিপক্ষীয় বৈঠকে ইউরোপীয় নেতার অনুপস্থিতি তাদের আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার প্রমাণ নয়। তবে ইউক্রেন যুদ্ধ ও ইউরোপের নিরাপত্তা নিয়ে তিন পরাশক্তি পৃথক সমঝোতায় পৌঁছালে ইইউর প্রভাব কমতে পারে বলে রয়েছে উদ্বেগ। বারদিন মনে করেন, চীনের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক বিরোধ, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ওয়াশিংটন-ইইউর মতপার্থক্য নতুন বিন্যাসকে উৎসাহ দিচ্ছে। তার ধারণা, ভবিষ্যতে এই আলোচনার কাঠামো হতে পারে আরও বিস্তৃত। অন্য বিশ্লেষকদের মতে, বড় সমঝোতার চেয়ে বৈঠকটির প্রতীকী গুরুত্বই বেশি হতে পারে।



