হংকংয়ের গণতন্ত্রপন্থী অধিকারকর্মী জোশুয়া ওংয়ের ১০ বছরের কারাদণ্ড

ছবি: রয়টার্স
একসময় হংকংয়ের গণতন্ত্র আন্দোলনের মুখ হিসেবে পরিচিত জোশুয়া ওংকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করার দায়ে জাতীয় নিরাপত্তা আইনে তাকে এই সাজা দেওয়া হয়েছে।
হংকং-এ বিস্ফোরক গণতন্ত্রপন্থী বিক্ষোভের পর ২০২০ সালে জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়। এর পর থেকে এই আইনের অধীনে শতশত আন্দোলনকারী ও সাধারণ হংকংবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সমালোচকদের দাবি, আইনটি ভিন্নমতকে স্তব্ধ করে দিয়েছে। তবে কর্তৃপক্ষের ভাষ্য, স্থিতিশীলতা বজায় রাখতে এটি প্রয়োজন।
গত মাসে ৩০ বছরে পা দিয়েছেন ওং। কিশোর বয়স থেকেই নানা আন্দোলনে জড়িত থাকায় বহুবার কারাবন্দী হতে হয়েছে তাকে।
রাষ্ট্রদ্রোহিতার দায়ে ছয় বছর ধরে কারাগারে আছেন ওং। আগামী বছর জানুয়ারিতে তার মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নতুন করে সাজা পাওয়ায় আরও এক দশক কারাবাসে কাটাতে হবে তাকে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, বেইজিংয়ের বিরুদ্ধে বিদেশি নিষেধাজ্ঞা ও অবরোধের পক্ষে তদবির করেছিলেন ওং। ২০২০ সালের জুলাই থেকে নভেম্বরের শেষভাগ পর্যন্ত এই অপরাধ সংঘটিত হয়েছিল। নিজের বিরুদ্ধে আনা এই অভিযোগ গত সেপ্টেম্বরে স্বীকার করে নেন ওং।
বৃহস্পতিবার গাড় নীল রঙে ফুল হাতা শার্ট, খাকি প্যান্ট এবং কালো ফ্রেমের চশমা পরে আদালতে এসেছিলেন ওং। আগের তুলনায় এদিন তাকে ছিপছিপে দেখাচ্ছিল।
এদিন আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন বহু মানুষ। আদালত কক্ষে একটি আসনের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলেন তারা। হিউম্যান রাইটস ওয়াচ এই রায়কে ‘নিষ্ঠুর ও অন্যায্য’ বলে বর্ণনা করেছে।



