লেবাননে ফরাসি সেনা নিহত, দায় অস্বীকার হিজবুল্লাহর

সংগৃহীত ছবি
লেবাননে দক্ষিণে আজ শনিবার সকালে নিহত হয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া এক ফরাসি সেনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এক্সে এক পোস্টে জানিয়েছেন এ তথ্য।
মাখোঁ জানান, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর (ইউনিফিল) শান্তিরক্ষা মিশনে হামলায় আহত হন আরও তিন সেনা। তাদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধারণা করা হচ্ছে, এ হামলার জন্য হিজবুল্লাহ দায়ী।
লেবাননের কর্তৃপক্ষকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ঘান্দুরিয়েহ-বিনত জেবেইল এলাকায় ইউনিফিল বাহিনীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে নিজেদের কোনো সংযোগ থাকার কথা অস্বীকার করছে হিজবুল্লাহ। ঘটনার পূর্ণাঙ্গ পরিস্থিতি নিরূপণের জন্য লেবাননের সেনাবাহিনীর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া বা দায় নির্ধারণের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি।’

