বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে এবার জর্ডান ও বাহরাইনে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আজ বুধবার ভোরের দিকে পৃথক দুটি বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা জর্ডানের একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বাহরাইনে মোতায়েন করা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আইআরজিসি নৌবাহিনীর সদস্যরা রাত আড়াইটার দিকে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে।
আইআরজিসি জানায়, জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের ওই হামলায় সিরিকের একটি কমিউনিকেশন টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া বামানি জেলার দুটি পানির জলাধার ধ্বংস হয়েছে বলে তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের অন্যান্য রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও যুক্তরাষ্ট্রের এই হামলার খবর নিশ্চিত করেছে।
হামলার ঘটনায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে সাইরেন বাজার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সাইরেন বাজানো হচ্ছে। বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটবর্তী নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
বাহরাইনে ড্রোন হামলার পাশাপাশি জর্ডানে অবস্থিত মার্কিন সেনা ও সামরিক বাহিনীকে বহনকারী একটি ঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। এদিন ভোরের দিকে দেওয়া অপর এক বিবৃতিতে তারা জানায়, জর্ডানের আল আজরাক ঘাঁটি লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।
এই হামলায় দূরপাল্লার সলিডফুয়েল জ্বালানিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়। তবে জর্ডানের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বিমান হামলার সাইরেন বাজার খবর পাওয়া যায়নি।
সূত্র : সিএনএন





