শিশু দিবসে বিশ্বের কাছে গাজার শিশুদের আকুতি, ’আমাদের ভুলে যেয়ো না’
- ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২২ হাজারের বেশি শিশু, আহত ৪৫ হাজার
- মা-বাবা হারিয়ে এতিম ৭১ হাজারের বেশি, বাস্তুচ্যুত প্রায় ৮ লাখ শিশু
- খাবার, শিক্ষা ও নিরাপত্তার দাবিতে গাজার শিশুদের সমাবেশ
- ‘আমরা ক্ষুধার্ত, শীতে কষ্ট পাই’, বিশ্বকে জানাল গাজার শিশুরা
- শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান ফিলিস্তিনের

যুদ্ধ বিধ্বস্ত গাজায় নিজের পানি নিজেই টানতে হয় শিশুদের
‘আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরী...’৷ শৈশবের চেনা এই গানে আছে রঙিন এক পৃথিবীর ছবি। যেখানে প্রতিটি শিশু যেন একেকটি ফুল। তাদের চোখে স্বপ্ন, মুখে হাসি। চারপাশে আনন্দ আর নিশ্চিন্তে বেড়ে ওঠার প্রতিশ্রুতি। অথচ পৃথিবীরই এক প্রান্তে সেই স্বপ্নপুরী আজ ধ্বংসস্তূপে ঢাকা। সেখানে ফুলের মতো শিশুরা ঝরে পড়ছে যুদ্ধের নির্মমতায়। খেলনার বদলে চারদিকে ছড়িয়ে আছে ধ্বংসের চিহ্ন। স্কুলের ঘণ্টা নয়, শিশুদের কানে বাজে বিস্ফোরণের শব্দ। যে হাতে রঙিন স্বপ্ন আঁকার কথা, সেই হাত আজ বাড়িয়ে দিতে হচ্ছে একমুঠো খাবারের আশায়। সেই গাজার শিশুরা পৃথিবীর কাছে খেলনা চাইছে না। চাইছে একটুকরো নিরাপদ আকাশ, দুমুঠো খাবার আর স্কুলে ফেরার অধিকার। বিশ্ব যখন শিশু দিবস উদ্যাপনে ব্যস্ত, তখন ধ্বংসস্তূপের দেশ থেকে ভেসে এসেছে এক হৃদয়বিদারক আকুতি, ‘আমাদের ভুলে যেয়ো না।’
শুক্রবার তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব শিশু দিবসের আগের দিন বৃহস্পতিবার গাজা নগরীর পশ্চিমাঞ্চলের তুর্কি বিদ্যালয়ে জড়ো হয় কয়েক শ বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশু।
কাছেই অস্থায়ী তাঁবুতে তাদের পরিবারের বসবাস। বিদ্যালয়প্রাঙ্গণে ছিল ফিলিস্তিন ও তুরস্কের পতাকা। তুর্কি মানবিক ত্রাণ সংস্থার প্রতীকসংবলিত ব্যানার। কেউ পরে এসেছিল ঐতিহ্যবাহী সূচিশিল্পের পোশাক, কেউ কেফিয়াহ, কেউ বিদ্যালয়ের পোশাক।
শিশুদের হাতে রঙিন ছবি ও নানা ভাষায় লেখা দাবি। শিক্ষা চাই। চিকিৎসা চাই। নিরাপত্তা চাই। সম্মান নিয়ে বাঁচতে চাই। বক্তব্য, গান ও ছোট পরিবেশনায় নিজেদের হারানো শৈশবের কথা জানিয়েছে তারা।
‘আমরা ক্ষুধার্ত, শীতে কষ্ট পাই’
শিক্ষার্থী মারিয়া দাহের আনাদোলুকে বলেছে, ‘আমরা চাই, বিশ্ব দেখুক গাজার শিশুরা কেমন আছে। আমরা বঞ্চিত। আমরা ক্ষুধার্ত। শীতেও কষ্ট পাই।’
তার দাবি, গাজার শিশুরাও স্বাধীনভাবে বাঁচতে, খেলতে এবং বিদ্যালয়ে যেতে চায়। তারপর সেই বাক্য, যা কোনো শিশুর মুখে শোনার কথা নয়, ‘বিশ্ব শিশু দিবসে আমাদের ভুলে যেয়ো না।’
শিক্ষিকা নাহলা শিহাব জানিয়েছেন, আশপাশের তাঁবুতে থাকা শত শত শিশু অনুষ্ঠানে অংশ নিয়েছে। তিন বছর ধরে বোমাবর্ষণ, ক্ষুধা, আতঙ্ক ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকার অভিজ্ঞতা তাদের সঙ্গী।
তবু শিশুরা আশায় তাকিয়ে আছে। তাঁর কথায়, তারা মুক্তির সূর্য আর উজ্জ্বল আগামীর স্বপ্ন দেখে। একদিন নিজেদের সমাজ গড়ায় অবদান রাখার সুযোগ পাবে, এমন প্রত্যাশাও রয়েছে তাদের।
ইসরায়েলি হামলায় নিহত ২২ হাজার শিশু
এদিকে শুক্রবার মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের বিবৃতির তথ্য তুলে ধরা হয়েছে।
মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ২২ হাজারের বেশি শিশু নিহত এবং ৪৫ হাজারের বেশি আহত হয়েছে। গুরুতর আঘাতে দীর্ঘমেয়াদি প্রতিবন্ধকতার শিকার ১১ হাজারের বেশি। মা-বাবার একজন বা দুজনকেই হারিয়েছে ৭১ হাজারের বেশি শিশু। বাস্তুচ্যুত প্রায় আট লাখ।
ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় পৃথক হিসাবে নিহত শিশুর সংখ্যা ২১ হাজারের বেশি বলে জানিয়েছে।
আনাদোলুর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ৭৫ হাজারের বেশি। বিধ্বস্ত হয়েছে প্রায় ৯০ শতাংশ অবকাঠামো।২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি হলেও সহিংসতা পুরোপুরি থামেনি।বৃহস্পতিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে শিশু অধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, যুদ্ধের দীর্ঘস্থায়ী মানসিক ক্ষত বহন করবে গাজার শিশুরা।ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শিশুদের সুরক্ষা আন্তর্জাতিক আইনি দায়িত্ব। হামলার জবাবদিহি এবং নিরাপদ জীবন নিশ্চিত করতে বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে।বিশ্ব শিশু দিবসের মঞ্চে সাধারণত শিশুরা ভবিষ্যতের স্বপ্ন বলে। গাজার শিশুরা বলছে বর্তমানটা বাঁচানোর কথা। যে হাত দিয়ে রঙিন পৃথিবীর ছবি আঁকার কথা ছিল, সেই হাত আজ সাহায্যের আবেদন নিয়ে উঠেছে। যে চোখে আগামীর স্বপ্ন থাকার কথা, সেই চোখে জমেছে যুদ্ধের আতঙ্ক আর আপনজন হারানোর শোক। তবু বেঁচে থাকা শিশুরা স্বপ্ন দেখা ছাড়েনি। তারা এখনো বিশ্বাস করতে চায়, পৃথিবীতে এমন মানুষ আছে, যারা তাদের কান্না শুনবে। তাদের প্রশ্নে কোনো জটিল কূটনীতি নেই। শুধু একটুকরো নিরাপদ আকাশের দাবি। পৃথিবী কি সেই ছোট্ট আবেদনটুকুও শুনবে, নাকি ‘আমাদের ভুলে যেয়ো না’ একদিন হয়ে থাকবে বিশ্ববিবেকের সবচেয়ে কঠিন অভিযোগ?



