হরমুজ পার হয়েছে ২০টির বেশি জাহাজ

যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর শনিবার গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পার হয়েছে সর্বোচ্চ সংখ্যক জাহাজ। এদিন ২০টিরও বেশি জাহাজ অতিক্রম করেছে এ প্রণালি।
জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা কেপলার জানিয়েছে, ১ মার্চ ইরানের বিরুদ্ধে ইসরায়েল-আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৮ এপ্রিল এ জলপথ দিয়ে পার হয়েছে সর্বোচ্চ সংখ্যক জাহাজ।
যে জাহাজগুলো শনিবার হরমুজ পার করেছে, সেগুলোর মধ্যে পাঁচটিতে ছিল ইরানি বিভিন্ন ধাতু এবং তেলজাত পণ্য।
তথ্য থেকে দেখা যায়, এর মধ্যে তিনটি ছিল তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ। যেগুলোর মধ্যে দুটি চীন ও একটি যাত্রা করে ভারতের দিকে।
হরমুজ পার হওয়া অন্যগুলোর মধ্যে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে পণ্যবাহী জাহাজও ছিল।
২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে পাল্টা জবাব ছিসেবে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নেয় তেহরান। এতে বিশ্বব্যাপী তৈরি হয় তীব্র জ্বালানি সংকট।
পরে পাকিস্তানের সহায়তায় ৮ এপ্রিল দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে হরমুজ দিয়ে শর্তসাপেক্ষে চলছে জাহাজ।

