মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি
কুয়েতে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির পরিপ্রেক্ষিতে কুয়েতসহ পুরো মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, এ অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকরা ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সশস্ত্র হামলা এবং মার্কিন সরকারি কর্মকর্তা ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার মতো উচ্চ ঝুঁকির মুখে রয়েছেন।
সতর্কবার্তায় আরও বলা হয়, দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে যেকোনো সময় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এর ফলে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
দূতাবাস জানায়, ইরান ইতিমধ্যে কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে, হুতি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং ভ্রমণে বিপর্যয় সৃষ্টি হয়েছে।
এ ছাড়া বিদেশে অবস্থিত মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান, সংস্থা ও নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলোতেও হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে দূতাবাস।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের আগেভাগেই বিকল্প পরিকল্পনা তৈরি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট এয়ারলাইনসের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ তথ্য নিয়মিত যাচাই করতে বলা হয়েছে।
জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ সহজ করতে মার্কিন নাগরিকদের ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ বা স্টেপে (STEP) নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তা সতর্কতা হিসেবে নাগরিকদের সব সময় মুঠোফোন চার্জ দিয়ে রাখা, পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং স্থানীয় গণমাধ্যম ও সরকারি নিরাপত্তা ঘোষণার ওপর নজর রাখতে বলা হয়েছে।
পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং যেকোনো বিক্ষোভ, বড় জনসমাগম ও পুলিশি তৎপরতা বেশি এমন এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। আকাশপথে কোনো হামলার ঘটনা ঘটলে কাঁচের দরজা ও জানালা থেকে দূরে থাকতে এবং ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের কাছে না যেতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
যেকোনো জরুরি সহায়তার জন্য কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দূতাবাসের আমেরিকান সিটিজেন সার্ভিসেস শাখায় ([email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জরুরি সেবার জন্য ১১২ নম্বরে কল করতে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২৪ ঘণ্টার কনস্যুলার সহায়তার জন্য নির্ধারিত হটলাইনে যোগাযোগের পরামর্শ দিয়েছে দূতাবাস।
সোর্স: আরব টাইমস




