মধ্যপ্রাচ্য সংকট
হরমুজ প্রণালির দখল নিয়ে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, ছয়টি ছোট ইরানি সামরিক জাহাজ ধ্বংস করেছে তারা। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইউএই জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘বর্তমানে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মোকাবিলা করছে’।
- ৩৬ মিনিট আগে(১৬:৩১)

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও তার ইরানি সমকক্ষ আব্বাস আরাকচি। ফাইল ছবি
আরাকচির সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বুধবার টেলিফোনে কথা বলেছেন তার ইরানি সমকক্ষ আব্বাস আরাকচির সঙ্গে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আলোচনার সময় সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেওয়া প্রচেষ্টাগুলো নিয়ে কথা বলেছেন তিনি।’
একাধিকবার কূটনৈতিক উপায়ে আঞ্চলিক সংকট সমাধানের আহ্বান জানিয়েছে সৌদি আরব। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনকারী পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে তারা।
বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পাকিস্তান এবং অন্যান্য দেশের, বিশেষ করে সৌদি আরবের অনুরোধের পর এসেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েল, অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি এবং প্রতিবেশী দেশগুলোর বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালায় এবং অবরোধ করে হরমুজ প্রণালি।
৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে তা এখনো রয়েছে অত্যন্ত অস্থিতিশীল অবস্থায়। - এক ঘণ্টা আগে(১৫:৫৪)

পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম। ফাইল ছবি
একবার হারলে দ্বিতীয়বার সতর্ক হতে হয়, ট্রাম্পকে ইরানি দূতের খোঁচা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিতে তার নতুন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম।
আজ সামাজিকমাধ্যম এক্স-এ মার্কিন সিদ্ধান্তকে ইঙ্গিত করে মোগাদ্দাম ফারসিতে লিখেন, একবার পরাজিত হলে, দ্বিতীয়বার সতর্ক হতে হয় (ইংরেজিতে)।
ইরানি রাষ্ট্রদূত ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেন, যা একবার চেষ্টা করা হয়েছে, তা আবার করার চেষ্টা করলে অনুশোচনায় ভুগতে হবে।
যদিও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানের ‘অনুরোধের ভিত্তিতে’ অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিকমাধ্যম এক্স-এ সাহসী নেতৃত্ব এবং সময়োপযোগী ঘোষণার জন্য ট্রাম্পকে প্রশংসা করে পোস্ট দিয়েছেন।
শরিফ লিখেছেন, এই ঘোষণা উত্তেজনার সময়ে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পুনর্মিলনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। - ২ ঘণ্টা আগে(১৫:২৪)

গাজায় যুদ্ধবিরতি ঘোষণার দিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী। ছবি : ডন
ট্রাম্পকে প্রশংসায় ভাসিয়ে শাহবাজ শরিফের এক্স পোস্ট
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে সম্ভাব্য নতুন সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিকমাধ্যম এক্স-এ ‘সাহসী নেতৃত্ব এবং সময়োপযোগী’ ঘোষণার জন্য ট্রাম্পকে প্রশংসা করে পোস্ট দিয়েছেন।
শরিফ লিখেছেন, এই ঘোষণা উত্তেজনার সময়ে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পুনর্মিলনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে এবং সম্প্রতি ইসলামাবাদে দুই পক্ষের একাধিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, সংযম, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করতে পাকিস্তান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। - ৩ ঘণ্টা আগে(১৪:০৮)

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি’ চায় ইরান
মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান কেবল ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি’ মেনে নেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
আজ বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনায় হয়েছে ‘ব্যাপক অগ্রগতি’।
বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক শেষে আরাকচি আরও বলেছেন, আলোচনায় আমরা আমাদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করব।
সূত্র: রয়টার্স - ৩ ঘণ্টা আগে(১৩:৪২)

২৬ এপ্রিল দক্ষিণ লেবাননের স্থানীয়দের বাড়িঘর ধ্বংস করতে টহল দিচ্ছে একটি ইসরায়েলি সামরিক যান। ছবি : এএফপি
লেবাননের একাধিক শহরের বাসিন্দাদের ঘর ছাড়তে বলল ইসরায়েল
ইসরায়েল দক্ষিণ লেবাননের ১২টি শহর ও গ্রামের বাসিন্দাদের জন্য নতুন করে জোরপূর্বক স্থানান্তরের আদেশ জারি করেছে। এছাড়া এসব অঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
এলাকাগুলো হলো- কাউথারিয়া আল-সিয়াদ, আল-গুসিনিয়াহ, মাজরাত আল-দাউদিয়াহ, বাদায়াস, রায়হান, জাল্লায়া, আল-বাজুরিয়াহ, হারুফ, হাবুশ, আনসারিয়াহ, কুলাওয়াইয়াহ এবং দাইর আল-জাহরানি।
আইডিএফ স্থানীয় বাসিন্দাদের তাদের বাড়ি থেকে অন্তত ১ কিলোমিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণেই এমনটা করছে তারা। - ৪ ঘণ্টা আগে(১৩:১০)

ফাইল ছবি
হরমুজ পাড়ি দেওয়ার সময় ফরাসি জাহাজে হামলা, নিশ্চিত করল কোম্পানি
ফরাসি জাহাজ ও সরবরাহকারী সংস্থা সিএমএ সিজিএম হরমুজ প্রণালিতে আগের একটি হামলায় তাদের জাহাজ লক্ষ্যবস্তু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠনটি আজ নিশ্চিত করেছে, স্থানীয় সময় মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় তাদের সান আন্তোনিও নামের জাহাজটি হামলার শিকার হয়েছিল।
কোম্পানিটি আরও জানিয়েছে, এই হামলায় জাহাজের নাবিকরা আহত হয়েছেন এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত ক্রুদের উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। - ৫ ঘণ্টা আগে(১২:২৮)

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ফাইল ছবি
চীনের পররাষ্ট্রমন্ত্রী : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ‘অবৈধ’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধকে অবৈধ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বুধবার বেইজিং-এ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে ওয়াং এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।
তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, ওয়াং বলেছেন যে মধ্যপ্রাচ্য এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। তিনি উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় বেইজিংয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং দুই পক্ষের মধ্যে সরাসরি সংলাপ অপরিহার্য বলে মন্তব্য করেন।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের নিন্দা জানানোর ক্ষেত্রে চীনের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, তেহরান ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতা আগের চেয়েও আরও শক্তিশালী হবে। - ৫ ঘণ্টা আগে(১২:২৬)

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি : মেহের নিউজ
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাকচির বৈঠক অনুষ্ঠিত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ (বুধবার) বেইজিংয়ে দুই মন্ত্রীর মধ্যে এ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ।
শীর্ষ কর্মকর্তা দুজন অভিন্ন উদ্বেগের বিষয়ে মতবিনিময় করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
আরাঘচির বেইজিং সফরটি এক বৃহত্তর ইরানি কূটনৈতিক তৎপরতার অংশ। যার আওতায় ইতোমধ্যে পাকিস্তান, ওমান, রাশিয়া এবং ইউরোপিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সফরগুলোর মূল লক্ষ্য তেহরান ও ওয়াশিংটনের যুদ্ধ অবসানের চেষ্টা।
আলোচনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি। - ৬ ঘণ্টা আগে(১১:১৪)

২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলছেন (ডানে) এবং আজ সকালে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাকচি। ছবি : রয়টার্স
আরাকচির বেইজিং সফর কেন এত গুরুত্বপূর্ণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই চীন সফরে আসছেন। এর মাত্র কয়েক দিন আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এ বৈঠকের ফলাফল নিয়ে ইরান ও চীন উভয়ই উদ্বিগ্ন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এছাড়া মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে সফরের সময়টিও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তারা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রথমবারের মতো চীন সফরে এলেন। সংঘাত শুরুর সময় থেকে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে অন্তত তিনবার কথা বলেছেন।
সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা দাবি করেছে, বেইজিংয়ে আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে দুটি বিষয়; যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া।
ট্রাম্প প্রণালিটি পুনরায় খুলতে ইরানকে আরও চাপ দেওয়ার জন্য বেইজিংকে বলে আসছে। এক্ষেত্রে চীন ওয়াশিংটনকে কোনো ছাড় দিতে ইচ্ছুক কিনা, তা জানতে তেহরান তীক্ষ্ণ দৃষ্টি রাখবে।
অন্যদিকে, চীন তেহরানের কাছ থেকে এই আশ্বাস চাইবে যে পরিস্থিতি আরও উত্তপ্ত করার মতো কোনো পরিকল্পনা যাতে না থাকে।
এর ফলে বেইজিং একটি জটিল কৌশলগত অবস্থানে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যেখানে তাকে একদিকে ইরানের কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখতে হচ্ছে, অন্যদিকে তেহরানের ওপর নিজের প্রভাব বজায় রাখতে হচ্ছে। তার ওপর সব পক্ষকে এই সংকেত দিতে হচ্ছে যে, সে শান্তির একটি নির্ভরযোগ্য অংশীদার।
বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশল কেন্দ্রের গবেষক জোডি ওয়েন মনে করেন, আরাঘচির এই সফরটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলছে, হরমুজ প্রণালীতে নৌকা চলাচল সংকট বিরাজ করছে এবং ট্রাম্প এই মাসের শেষের দিকে চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন।
ওয়েনের দাবি, বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে চীনের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করার লক্ষ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটি হচ্ছে বলে মনে হচ্ছে।
তার ভাষ্য, ‘এছাড়াও আমি মনে করি মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে আরাকচি আন্তর্জাতিক বিষয়ে ইরানের জন্য আরও কূটনৈতিক প্রচেষ্টা বা সুযোগ তৈরির চেষ্টা করছেন। সুতরাং, আমি মনে করি চীন ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এবং হরমুজ প্রণালিকে আগের মতো উন্মুক্ত করে দিতে সর্বাত্মক চেষ্টা করবে।’
বিশেষ করে হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে চীন দুইপক্ষের জন্য একই নীতি গ্রহণ করেছে। বেইজিং ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের নিন্দা করার পাশাপাশি হরমুজ বন্ধ রাখায় ইরানের ভূমিকারও সমালোচনা করে আসছে।
সূত্র জানিয়েছে, জলপথটি পুনরায় চালু করতে রাজি হলে বেইজিংয়ের কাছ থেকে কী ধরনের সমর্থন পাবে, তেহরান তা নিশ্চিত করার চেষ্টা করবে।
আলোচনার মধ্যে এটাও থাকবে, মার্কিন অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কারণে কোনো চাপ সৃষ্টি হলে চীন জাতিসংঘে ইরানকে সমর্থন অব্যাহত রাখবে কি না। - ৭ ঘণ্টা আগে(০৯:৪৫)

পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত মার্কিন কনস্যুলেট। ফাইল ছবি
পাকিস্তানের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা
কর্মীদের নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে অবস্থিত তার কনস্যুলেট জেনারেল পর্যায়ক্রমে বন্ধ করে দিচ্ছে। প্রদেশটির সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পৃক্ততার দায়িত্ব ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হবে বলে বিভাগটি জানিয়েছে।
তারা আরও উল্লেখ করেছে যে, করাচি ও লাহোরেও তাদের মিশন রয়েছে।
পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্তটি কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা এবং সম্পদের দক্ষ ব্যবস্থাপনার জন্য নেওয়া হয়েছে।
ঠিক এমন সময় ঘোষণাটি এলো, যখন ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থায়ী চুক্তির জন্য শান্তি আলোচনার মধ্যস্থতায় মূল ভূমিকা পালন করছে। - ৮ ঘণ্টা আগে(০৯:২৮)

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাকচি। ছবি : সংগৃহীত
বেইজিং পৌঁছেছেন আরাকচি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রথমবারের মতো চীন সফরে গিয়েছেন। সংঘাত শুরুর সময় থেকে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে অন্তত তিনবার কথা বলেছেন।
বেইজিংয়ে আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে দুটি বিষয়; যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া।
বিশেষ করে হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে চীন দুইপক্ষের জন্য একই নীতি গ্রহণ করেছে। বেইজিং ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের নিন্দা করার পাশাপাশি হরমুজ বন্ধ রাখায় ইরানের ভূমিকারও সমালোচনা করে আসছে।
সূত্র জানিয়েছে, জলপথটি পুনরায় চালু করতে রাজি হলে বেইজিংয়ের কাছ থেকে কী ধরনের সমর্থন পাবে, তেহরান তা নিশ্চিত করার চেষ্টা করবে।
আলোচনার মধ্যে এটাও থাকবে, মার্কিন অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কারণে কোনো চাপ সৃষ্টি হলে চীন জাতিসংঘে ইরানকে সমর্থন অব্যাহত রাখবে কি না।
সূত্র: আলজাজিরা - ৮ ঘণ্টা আগে(০৮:৩৮)

ছবি: ইরনা সংবাদ সংস্থা
ইরানের শপিং কমপ্লেক্সে আগুন, নিহত অন্তত ৮
ইরানের একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন, আহত আরও ৩৬। মঙ্গলবার তেহরানের পশ্চিমে আন্দিশেহ শহরের আরঘাভান শপিং সেন্টারে ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইরানের বিচার বিভাগীয় সংবাদপত্র মিজান জানিয়েছে, ভবনটির আবরণ দাহ্য হওয়ায় আগুন লেগে যায় শপিং কমপ্লেক্সটি।
আগুনের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের পাশাপাশি প্রপার্টি ডেভেলপার প্রতিষ্ঠানকে শনাক্ত ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের আদেশ জারি করা হয়েছে, দেশটির রেডিও আইআরআইবি জানিয়েছে এ তথ্য। - ৯ ঘণ্টা আগে(০৭:৫১)

ছবি: রয়টার্স
‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প
হরমুজ প্রণালির দুই পাশে আটকে পড়া জাহাজ প্রণালিটি পার করতে মার্কিন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই অভিযান শুরুর একদিন পর তা স্থগিতের ঘোষণা এলো মঙ্গলবার সন্ধ্যায়। তবে ইরানি বন্দরের ওপর চলমান অবরোধ চালু থাকবে বলে জানানো হয়েছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষরিত হয় কি না তা দেখতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে।’’ তবে হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।
অভিযান স্থগিতের ঘোষণা আসলেও তেহরান থেকে আসেনি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া। যুদ্ধবিরতির আলোচনায় কী অগ্রগতি হয়েছে এবং ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান কত সময়ের জন্য স্থগিত থাকবে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ।এদিকে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণার পরপরই কমেছে তেলের দাম। ট্রাম্পের পোস্টের কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ক্রুডের দাম নেমে গেছে ১০০ ডলার নিচে। এর আগে সোমবার নতুন করে বেড়েছিল তেলের দাম।
সূত্র: রয়টার্স
- এক দিন আগে(১৩:১৭)

ছবি: রয়টার্স
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালি ঘিরে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ফের উত্তেজনার মুখে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। সোমবার দাম ৬ শতাংশ বেড়ে ১১৪.৪৪ ডলারে পৌঁছে যায় ব্রেন্ট ক্রুডের দাম। সেটা কিছুটা কমে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১টার দিকে দাঁড়িয়েছে ব্যরেলপ্রতি ১১৩.৫৪ ডলারে। এই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ক্রুড অয়েলের দাম রয়েছে ব্যারেলপ্রতি ১০৪.৩ ডলার।
এর আগে সোমবার যুক্তরাষ্ট্র জানায়, ইরানের ছয়টি ছোট ফার্স্ট-বোট ধ্বংস করেছে তারা। তবে ইরান দাবি করে বেসামরিক জাহাজে হামলা হয়েছে এবং এতে নিহত হয়েছে ৫ বেসামরিক। অন্যদিকে হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র সংযুক্ত আরব আমিরাতে। দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে বলে জানানো হয়। - এক দিন আগে(১২:৫৭)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘হরমুজে ঘটনাগুলোই স্পষ্ট করে দিচ্ছে— রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি একথা বলেছেন।
আরাগচি লিখেছেন, ‘পাকিস্তানের চেষ্টায় আলোচনায় এগিয়ে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রকে কু-পরামর্শদাতাদের থেকে সতর্ক থাকতে হবে। একইভাবে আমিরাতকেও সতর্ক থাকা উচিত।’
শেষে তিনি লিখেছেন, ‘প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলক।’
- এক দিন আগে(১২:০৯)

প্রতীকী ছবি
ইরানের বন্দরে একাধিক জাহাজে আগুন
ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের বন্দরে নোঙর করা বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগেছে। দেশটির আধা সরকারি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে এ তথ্য।
দায়ের বন্দরের দমকল বিভাগের প্রধান মজিদ ওমরানি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকলকর্মীরা। আগুনের কারণ এখনও জানা যায়নি।
- এক দিন আগে(১০:২৯)

ক্লাস হবে অনলাইনে, হামলার শিকার হয়ে সিদ্ধান্ত নিলো ইউএই
দেশজুড়ে হামলার পর অনলাইন ক্লাসের নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয়। এর আগে সোমবার সারাদিন ধরেই দেশটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।
আমিরাত জানিয়েছে, এই হামলায় ফুজাইরাহ জ্বালানি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় আহত হয়েছেন তিনজন ভারতীয় নাগরিক। এটিই দেশটির একমাত্র জ্বালানি কেন্দ্র, যেখানে থেকে হরমুজ প্রণালী ব্যবহার না করে স্থলপথে তেল রপ্তানি করা যায়।
- এক দিন আগে(০৯:৫৫)

ছবি: রয়টার্স
সংযুক্ত আরব আমিরাতে হামলার দায় অস্বীকার করেছে ইরান
সংযুক্ত আরব আমিরাতে হামলা ইরান থেকে করা হয়নি বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রচারিত বিবৃতিতে করা হচ্ছে এ দাবি।
সামরিক সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এই তথ্য স্পষ্টভাবে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে হামলা ইরানের ভূখণ্ড থেকে চালানো হয়নি বা সেখান থেকে পরিচালিত হয়নি।
এর আগে সোমবার ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ করে সংযুক্ত আরব আমিরাত। ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ঠেকানোর দাবি করেছে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ড্রোন হামলায় ফুজাইরাহ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র আমিরাতের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করে দেয়। বাকি একটি ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়ে। এ ছাড়া বেশ কিছু ড্রোন আকাশেই রুখে দেওয়া হয়েছে। - এক দিন আগে(০৮:৫৬)
হরমুজ দিয়ে উপসাগরে ঢুকেছে দুই মার্কিন রণতরী
সামরিক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএসবি নিউজ জানিয়েছে, ইরানি হামলা উপেক্ষা করে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে নৌবাহিনীর দুটি রণতরী।
এ সময় ইউএসএস ট্রাক্সটান এবং ইউএসএস মেসন রণতরী দুটি ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ফার্স্ট-বোট হামলার মুখে পড়ে। তবে রণতরী দুটিকে প্রতিরক্ষা দেয় অ্যাপাচি হেলিকপ্টার ও মার্কিন সামরিক বিমান। - এক দিন আগে(০৮:৫২)

ছবি: রয়টার্স
হরমুজ প্রণালিতে মার্কিন হামলায় ৫ বেসামরিক নিহত: ইরান
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলার শিকার নৌযানগুলো আইআরজিসি সংশ্লিষ্ট নয় বরং বেসামরিক স্পিডবোট ছিল, এমন দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। পণ্য ও যাত্রীবাহী জাহাজগুলোতে মার্কিন এই হামলা পাঁচ বেসামরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
এর আগে সোমবার মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানায়, সি হক এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে ছয়টি ইরানি নৌকাকে ধ্বংস করা হয়েছে।
তবে ইরানি কর্মকর্তার বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নৌযানগুলো ইরানের সামরিক বাহিনীর নয়। ওমানের উপকূলবর্তী খাসাব থেকে ইরানের উপকূলের দিকে পণ্য ও যাত্রী পরিবহনের সময় দুটি ছোট নৌযান হামলার শিকার হয়েছে। খবর পেয়ে তদন্ত শুরু করেছে ইরানি কর্তৃপক্ষ।
এই তাড়াহুড়ো এবং আনাড়ি আচরণের কারণ আইআরজিসির ফাস্ট-বোট অপারেশন নিয়ে তাদের অতিরিক্ত ভয়, বলেছেন ওই ইরানি কর্মকর্তা।



