ইসরায়েলে হামলা অব্যাহত রেখে হিজবুল্লাহ জানাল, একপেশে যুদ্ধবিরতি মানি না

দক্ষিণ লেবাননে দলীয় পতাকা হাতে এক হিজবুল্লাহ কমান্ডার। ছবি : দ্য গার্ডিয়ান
ওয়াশিংটনের মধ্যস্থতায় দুই দফায় এক মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও লেবানন। তবে ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ যুদ্ধবিরতি নিয়ে জানিয়েছে তাদের অবস্থান। হিজবুল্লাহ স্পষ্ট করে বলেছেন, তারা আর কোনো একতরফা যুদ্ধবিরতি মেনে নেবে না।
সশস্ত্র গোষ্ঠীটির ভাষ্য, সবার মনে রাখতে হবে যে হিজবুল্লাহ এ যুদ্ধবিরতির পক্ষে ছিল না। এটি ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে হওয়া সাময়িক চুক্তি। লেবানন সরকার এ সংঘাতের কোনো পক্ষই নয়।
তেল আবিব ও বৈরুতের মধ্যকার যুদ্ধবিরতির শর্তানুযায়ী, ইসরায়েল লেবানন থেকে আসা যেকোনো আক্রমণের জবাব দেওয়াই শুধু নয়; বরং যেকোনো হুমকি বা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ করারও অধিকার রাখবে।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা আর এটি মেনে নেবে না। তারা ইসরায়েলকে লেবাননের ভূমি দখলে রাখতে দেবে না এবং হামলাও চালিয়ে যেতে দেবে না।
ইরান সমর্থিত গোষ্ঠীটি গত ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দক্ষিণ লেবাননে উপস্থিত ইসরায়েলি বাহিনী (আইডিএফ) এবং উত্তর ইসরায়েলে হামলার গতি বাড়িয়েছে।
হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশে একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, তারা আর নিরাপদ নয়।
এদিকে, যুদ্ধবিরতি হলেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। আজ সকালেও ১৪ বাসিন্দাকে হত্যা করেছে ইসরায়েল।
ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে পশ্চিম গ্যালিলি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। গত ৩০ মিনিটের মধ্যে তৃতীয়বার সতর্কতা অ্যালার্ম বেজে উঠল।
এটি এমন এক সময়ে ঘটল, যখন ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়া নিরাপদ বলে জানিয়েছে।



