ইরানের শত শত জলাধারে নতুন রহস্য

ছবি: রয়টার্স
ইরানে পানির অভাব। বহু এলাকায় মানুষকে পানির জন্য ভুগতে হয়। অথচ দেশ জুড়ে তৈরি হয়েছে শত শত বাঁধ ও জলাধার। কোথাও আবার পানি আনার জন্য তৈরি হয়েছে দীর্ঘ সুড়ঙ্গ ও পাইপলাইন। এসব প্রকল্পের কয়েকটির প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশবিদরা। এবার সেই প্রশ্নের সঙ্গে জুড়েছে নতুন একটি সন্দেহ। ইরানের কিছু জলপ্রকল্প কি আসলে ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রয়োজন মেটাতে তৈরি হয়েছিল? মার্কিন ও ইসরায়েলি হামলার পর এই প্রশ্ন সামনে এসেছে। তবে বিষয়টি এখনো প্রমাণিত নয়। এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও মতভেদ রয়েছে।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির হামবুর্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পানি নিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরি ও তার দল ইরানে অন্তত ৫৩৩টি বাঁধের সন্ধান পেয়েছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এই সংখ্যা অনেক বেশি।
চলতি বছরের বসন্তে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুর একটি মানচিত্র দেখছিলেন শোকরি। সেখানে উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে থাকা হামলার কয়েকটি জায়গার সঙ্গে তার তৈরি বাঁধের মানচিত্রের মিল চোখে পড়ে। অনেক বাঁধের কাছাকাছি হামলা হয়েছে। তখনই তার মনে প্রশ্ন জাগে, ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর সঙ্গে এসব বাঁধের কোনো সম্পর্ক রয়েছে কি না।
ইরানের পাহাড়ের গভীরে তৈরি ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলো ‘মিসাইল সিটি’ নামে পরিচিত। সেখানে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান তৈরি, মজুদ এবং মোতায়েন করা হয়। ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষক ফারজিন নাদিমির হিসাব, ইরানে এমন অন্তত ৩০টি স্থাপনা রয়েছে। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক বিশ্লেষক ড্যানি সিত্রিনোভিচের মতে, এসব ঘাঁটি সচল রাখতে নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ প্রয়োজন। সেজন্য নিজস্ব পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবতে পারে ইরান। তবে বাঁধগুলো সেই উদ্দেশ্যেই তৈরি, এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই।
এই সন্দেহের সঙ্গে ২০১৮ সালে পরিবেশকর্মীদের গ্রেপ্তারের ঘটনাও আলোচনায় এসেছে। সে বছর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখা বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা কয়েকজনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে। তাদের একজন, পারস্য বন্যপ্রাণী ঐতিহ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাভুস সৈয়দ-ইমামি রাষ্ট্রীয় হেফাজতে মারা যান। অন্য কয়েকজন কারাবাসের সময় নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ করেন। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ ছিল, বিরল প্রাণীর ওপর নজরদারির জন্য বসানো ক্যামেরা দিয়ে ওই কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন। সংরক্ষণকর্মী মোরাদ তাহবাজ পরে জানান, কারাগারে তাকে হরমুজগান প্রদেশে তাদের কাজ নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ওই এলাকায় বিরল লারিস্তান বুনো ভেড়া সংরক্ষণের প্রকল্প ছিল।
ইয়াজদ প্রদেশে জাগ্রোস পর্বতমালা থেকে পানি আনার একটি বড় প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পানি বিশেষজ্ঞ আমির আগাকুচাক। মার্চে ওই অঞ্চলে হামলার পর সেখানে বড় ক্ষেপণাস্ত্র স্থাপনার খবর প্রকাশিত হয়। এতে প্রকল্পটির পেছনে সামরিক বিবেচনা থাকতে পারে বলে তার সন্দেহ হয়। আবার ১৪ জুলাই হরমুজগানের তারোম সংরক্ষিত এলাকায় মার্কিন হামলায় স্থানীয় এক বন্যপ্রাণী রক্ষকের পরিবারের সদস্যরা নিহত হন। যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তাদের লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো ও উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা।
তবে এসব মিলকে প্রমাণ হিসেবে মানতে নারাজ কয়েকজন বিশেষজ্ঞ। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের পানি ইনস্টিটিউটের পরিচালক কেভে মাদানি বলেছেন, কোনো স্থাপনার কাছাকাছি বাঁধ থাকলেই সেই বাঁধ সামরিক কাজে ব্যবহারের জন্য তৈরি, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। নিমা শোকরিও জানিয়েছেন, বাঁধের কাছে হামলা হওয়ার অর্থ এই নয় যে বাঁধ তৈরির উদ্দেশ্য ছিল সামরিক। পানি সরবরাহ, সেচ ও বিদ্যুৎ উৎপাদনে এসব বাঁধের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়েছে ইরানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার অজুহাত তৈরির জন্যই এমন অভিযোগ তোলা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রতিবেদনটিকে ২০০৩ সালে ইরাক যুদ্ধের আগে গণবিধ্বংসী অস্ত্র নিয়ে ছড়ানো দাবির সঙ্গে তুলনা করেছেন। সে সময় নিউ ইয়র্ক টাইমসেরও কয়েকটি প্রতিবেদন পরে ভুল প্রমাণিত হয়েছিল।
নিউ ইয়র্ক টাইমস অবশ্য তাদের প্রতিবেদনের পক্ষে অবস্থান নিয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, সাতজন আন্তর্জাতিক বিশেষজ্ঞের বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি হয়েছে। সহলেখক সানাম মাহুজি বলেছেন, তাদের প্রতিবেদন কোনো বাঁধ বা বেসামরিক অবকাঠামোয় হামলাকে সমর্থন করে না। বরং ইরানের জলপ্রকল্পের উদ্দেশ্য এবং সাম্প্রতিক হামলার প্রভাব বোঝার চেষ্টা করা হয়েছে।



