ভারতে এক পরিবারের ৫ জনের মৃত্যু, শেষবার খেয়েছিলেন নুডলস

খাদ্যের বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। প্রতীকী ছবি
ভারতের উত্তর প্রদেশে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছে তিন শিশুও। খাদ্যের বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আজ শনিবার সকালে রাজ্যের রাবুপুরা থানায় একই পরিবারের পাঁচজনের মৃত্যুর খবর আসে। তারা নগলা শ্রী পদম গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যদের ভাষ্য, সর্বশেষ গতকাল শুক্রবার রাতে তারা নুডলস খেয়েছিলেন।
মৃত ব্যক্তিরা হলেন মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫), ছেলে লাড্ডু (১১), মেয়ে মিষ্টি (৭) এবং তিন বছর বয়সী ছেলে সাক্ষাৎ।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি খাদ্যে বিষক্রিয়ার কারণে ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে তদন্তকারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা।
মৃতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শেষ হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষার ফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস





