হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত

ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- রয়টার্স
ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ট্রেনটির যাত্রা শুরু হয়। এর মাধ্যমে শূন্য কার্বন নিঃসরণকারী এই প্রযুক্তি ব্যবহারকারী অল্প কয়েকটি দেশের কাতারে যোগ দিল ভারত।
জার্মানি, জাপান, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে ইতোমধ্যে হাইড্রোজেনচালিত ট্রেন চলাচল করছে। এই ট্রেন থেকে উপপণ্য হিসেবে শুধু তাপ ও জলীয় বাষ্প নির্গত হয়। ফলে এটি প্রচলিত ডিজেলচালিত লোকোমোটিভের তুলনায় অনেক বেশি পরিবেশবান্ধব।
বিশ্বের প্রথম হাইড্রোজেন-চালিত যাত্রীবাহী ট্রেন ২০১৮ সালের সেপ্টেম্বরে জার্মানিতে যাত্রা শুরু করে। চীন ২০২৫ সালে হাইড্রোজেন-চালিত ট্রেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে।
ভারতের ১০ কোচের ট্রেনটিতে একসঙ্গে ২ হাজার ৬০০ যাত্রী ভ্রমণ করতে পারবেন। ট্রেনটি প্রতিদিন দুইবার উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের জিন্দ ও সোনিপত শহরের মধ্যে চলাচল করবে। হরিয়ানা ভারতের রাজধানী দিল্লির পাশের রাজ্য।
৯০ কিলোমিটার দীর্ঘ রুটে ট্রেনটির উদ্বোধনের পর মোদি বললেন, দক্ষতা বাড়ানো, ব্যয় কমানো এবং নেটওয়ার্ক সম্প্রসারণে ভারত কাজ চালিয়ে যাবে।
বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, ‘এই প্রকল্পে উন্নত প্রপালশন প্রযুক্তির পাশাপাশি হাইড্রোজেন সংরক্ষণ, জ্বালানি ভরার ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরিচালন অবকাঠামো গড়ে তোলা হয়েছে।’
ভারতেই ট্রেনটির নকশা, প্রকৌশল ও নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ১ হাজার ২০০ কিলোওয়াট ক্ষমতার হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন ব্যবস্থায় চালিত ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার।
ভারতের প্রায় ৭০ হাজার কিলোমিটার ব্রডগেজ রেলপথের প্রায় পুরো নেটওয়ার্কই ইতোমধ্যে বিদ্যুতায়িত করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে রেলওয়ে খাতে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্য নিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করছে ভারত।




