পশ্চিমবঙ্গ
এবার মাদ্রাসাতেও ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক

গ্রাফিকস: আগামীর সময়
পশ্চিমবঙ্গের সব স্বীকৃত মাদ্রাসায় সকালের সমাবেশে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। স্কুলশিক্ষা দপ্তরের অধীন সব স্কুলে একই ধরনের নির্দেশ দেওয়ার এক সপ্তাহের মাথায় এই সিদ্ধান্ত নেওয়া হলো। সংখ্যালঘুবিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীন পরিচালিত সব স্বীকৃত মাদ্রাসায় এখন থেকে সকালবেলার সমাবেশে জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ গাইতে হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্যের মাদ্রাসা অধিদপ্তরের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সহায়তাপ্রাপ্ত ও বেসরকারি সব স্বীকৃত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হবে। এর মাত্র এক সপ্তাহ আগেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছিল।
স্কুল থেকে মাদ্রাসায়
গত সপ্তাহে স্কুলশিক্ষা দপ্তরের অধীনে সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়। সকালের সমাবেশে বন্দে মাতরমের সব (ছয়টি) স্তবক গাইতে হবে। শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস শুরুর আগে জাতীয় গানটি গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘আগের নির্দেশনা বাতিল করে পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে কার্যকরভাবে স্কুলশিক্ষা দপ্তরের অধীন সব স্কুলে ক্লাস শুরুর আগে সমাবেশ বা প্রার্থনার সময় ভারতীয় জাতীয় গান “বন্দে মাতরম” গাওয়া বাধ্যতামূলক করেছে।’
সর্বশেষ নির্দেশনার ফলে এখন একই নিয়ম মাদ্রাসাগুলোতেও কার্যকর হবে।
কেন আবার আলোচনায় বন্দে মাতরম
ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বহু দশক ধরেই বন্দে মাতরম একটি শক্তিশালী প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের সময় স্বাধীনতাকামীদের মধ্যে গানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। পরে এটি জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়।
চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিষয়টি আবারও রাজনৈতিকভাবে গুরুত্ব পেতে শুরু করে।
ফেব্রুয়ারিতে ভারতের কেন্দ্রীয় সরকার বন্দে মাতরমকে জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেয়। এরপর সরকারি অনুষ্ঠান ও স্কুলের বিভিন্ন আয়োজনে জাতীয় সংগীতের পাশাপাশি বন্দে মাতরমের সব (ছয়টি) স্তবক গাওয়া বাধ্যতামূলক করা হয়। এই সিদ্ধান্তের পর বিভিন্ন রাজ্য ও রাজনৈতিক দলের মধ্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়।
বিভিন্ন রাজ্যে বিতর্ক
সাম্প্রতিক মাসগুলোয় তামিলনাড়ু ও কেরালার মতো রাজ্যগুলোয় শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরেও বন্দে মাতরম রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে আসে। তামিলনাড়ুতে চেন্নাইয়ের একটি সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীতের আগে বন্দে মাতরমের পূর্ণ সংস্করণ বাজানো হলে ডিএমকে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সমালোচনা করে।
কেরালায়ও শপথ অনুষ্ঠানে বন্দে মাতরমের পূর্ণ সংস্করণ বাজানো নিয়ে বাম দলগুলো সরকারের সমালোচনা করে। পরে ক্ষমতাসীন জোট জানায়, অনুষ্ঠানসূচি রাজভবন থেকেই নির্ধারণ করা হয়েছিল।
অন্যদিকে বিজেপি অভিযোগ করে, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের বিরোধিতা করছে কমিউনিস্ট দলগুলো। এখন পশ্চিমবঙ্গে স্কুলের পাশাপাশি মাদ্রাসাতেও বন্দে মাতরম বাধ্যতামূলক করায় জাতীয় গানটি নিয়ে বিতর্ক আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসতে পারে।
সূত্র: ইন্ডিয়া টুডে




