বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এর ফলে মূল্যস্ফীতির আশঙ্কা কিছুটা হ্রাস পাওয়ায় আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ১ শতাংশ বেড়েছে স্বর্ণের দাম।
গ্রিনিচ মান সময় ৬টা ১৬ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৯৮ ডলার ৪৮ সেন্টে কেনাবেচা হচ্ছিল।
এর আগে গতকাল বুধবার বছরের শেষ নাগাদ মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার বাড়াতে পারে এমন ইঙ্গিত দেওয়ার পর এই ধাতুর দাম ১.৭ শতাংশ কমে গিয়েছিল।
অন্যদিকে, আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তিতে মার্কিন স্বর্ণের ভবিষ্যত মূল্য ১.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১৮ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে।
অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম ওএএনডিএর প্রধান বাজার বিশ্লেষক কেলভিন অং বলেছেন, আগের দিন স্বর্ণের বাজারে বড় ধস নামলেও আজ সেই ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। আর এর পেছনে বড় ভূমিকা রেখেছে মধ্যপ্রাচ্যের ইতিবাচক খবর।
‘মূলত তেলের দাম কমার কারণেই স্বর্ণের বাজারে বিক্রির যে বাড়তি চাপ ছিল, তা কমে এসেছে’, যোগ করেন কেলভিন অং।
স্বর্ণের দামের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রূপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮.৬৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ০.৯ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫২ ডলার ৪৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৯ ডলার ৬৪ সেন্টে কেনাবেচা হচ্ছে।




