মার্কিন সেনাদের বলা হয় ইরান যুদ্ধ ‘ঈশ্বরের পরিকল্পনার অংশ’

প্রতীকী ছবি
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনাদের অংশগ্রহণের বৈধতা দিতে কমান্ডাররা ব্যবহার করেছেন বাইবেলের উদ্ধৃতি। এমনটাই অভিযোগ নজরদারি সংস্থা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশনের (এমআরএফএফ)।
সংস্থাটির দাবি, মার্কিন কমান্ডাররা তাদের সেনাদের যুদ্ধে নিতে বাইবেলের ‘অন্তিম সময়’ বা কিয়ামতসংক্রান্ত উগ্র খ্রিস্টানবাদী বক্তব্য ব্যবহার করছেন। তারা মেরিন, বিমানবাহিনী ও স্পেস ফোর্সসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সদস্যদের কাছ থেকে এসক্রান্ত ২০০টির বেশি অভিযোগ পেয়েছে।
যেকোনো সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারে এমন একটি ইউনিটের নন-কমিশন্ড অফিসার পরিচয় দেওয়া একজন সেনা এমআরএফএফকে অভিযোগ করেন, তাদের কমান্ডার নাকি সৈন্যদের বলতে বলেছেন যে এই যুদ্ধ ‘সবই ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ’।
ওই কমান্ডার বাইবেলের ‘বুক অব রিভেলেশন’ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিয়ে আর্মাগেডন বা প্রলয়যুদ্ধ এবং যিশু খ্রিস্টের আসন্ন প্রত্যাবর্তনের কথা উল্লেখ করেছেন বলেও অভিযোগ সেনার।
অভিযোগের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানায়, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে যিশু অভিষিক্ত করেছেন, যাতে তিনি ইরানে সংকেতের আগুন জ্বালিয়ে আর্মাগেডন ঘটান এবং পৃথিবীতে তার প্রত্যাবর্তনের সূচনা করেন’, এ ধরনের কথা বলে সেনাদের যুদ্ধে যেতে বাধ্য করেন ওই কমান্ডার।
এই অভিযোগটি ১৫ জন সেনার পক্ষে জমা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১১ জন খ্রিস্টান, একজন মুসলিম এবং একজন ইহুদি রয়েছেন। অভিযোগটি প্রথমে এমআরএফএফের মাধ্যমে সাংবাদিক জোনাথন লারসেনের কাছে প্রকাশ করা হয়।
মধ্যপ্রাচ্যে যখনই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল জড়িত হয়, তখনই এমন বক্তব্য শোনা যায় যে খ্রিস্টান জাতীয়তাবাদীরা সরকার ও সামরিক বাহিনীর ওপর প্রভাব বিস্তার করছে। দ্য গার্ডিয়ানকে অভিযোগের সুরে এমনটাই বলছিলেন এমআরএফএফের প্রেসিডেন্ট এবং বিমানবাহিনীর সাবেক সদস্য মাইকি ওয়েইনস্টাইন।
‘সামরিক সদস্যরা নিজেদের পক্ষে দাঁড়াতে খুব একটা সক্ষম নন, কারণ আপনার সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো ক্যাফের শিফট ম্যানেজারের মতো নন,’ যোগ করেন তিনি।
ওয়েইনস্টাইনের মতে, এই অভিযোগগুলো সামরিক বাহিনীতে খ্রিস্টান উগ্রবাদের বৃদ্ধি নির্দেশ করে। অভিযোগকারীরা জানিয়েছেন, তাদের কমান্ডাররা এমন এক ‘বাইবেলসম্মত যুদ্ধ’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, যা তাদের মতে মৌলবাদী খ্রিস্টানদের কল্পিত অন্তিম সময় বা কিয়ামত আসন্ন হওয়ার স্পষ্ট লক্ষণ।
এসব ঘটনা চার্চ ও রাষ্ট্রের পৃথক থাকার নীতির স্পষ্ট লঙ্ঘন বলেও অভিযোগ করেন এই কর্মকর্তা।
















