কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি ৮৮ বছর বয়সে মারা গেছেন
অনলাইন ডেস্ক

কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি। ছবি : সংগৃহীত
কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি ৮৮ বছর বয়সে মারা গেছেন। বিংশ শতাব্দীর শিল্পকলায় বৈপ্লবিক পরিবর্তন আনা এ শিল্পী স্থানীয় সময় বৃহস্পতিবার লন্ডনের নিজ বাসভবনে মারা যান।
শুক্রবার এক বিবৃতিতে তার তার জনসংযোগ কর্মকর্তা এরিকা বোল্টন এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন।
হকনিকে বিংশ ও একবিংশ উভয় শতকের সমসাময়িক শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে এ বিবৃতিতে। তবে, মৃত্যুর কারণ জানাননি বোল্টন।
ষাটের দশকের উত্তাল সময়ে তিনি একজন পপ শিল্পী হিসেবে খ্যাতি লাভ করলেও সুইমিং পুলের চিত্রকর্মের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। যা আমেরিকার লস অ্যাঞ্জেলেসের নান্দনিকতাকে সংজ্ঞায়িত করতে সাহায্য করেছিল।
তার ‘আ বিগার স্প্ল্যাশ’ এবং ‘পোর্ট্রেট অফ অ্যান আর্টিস্ট (পুল উইথ টু ফিগারস)’-এর মতো শিল্পকর্মে শহরের রৌদ্রস্নাত আকাশের নিচে প্রেম, কামনা এবং হারানোর ভোগবাদী দৃশ্য চিত্রিত হয়েছে।
কিন্তু হকনির ষাট বছরের কর্মজীবনকে কোনো একটি যুগ দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। তিনি ফটো-কোলাজ ব্যবহার করে দৃষ্টিকোণ পরিবর্তনকারী প্রতিকৃতি তৈরি করেছেন, বিমূর্ত ভূদৃশ্য চিত্রকলা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং জীবনের শেষভাগে উদীয়মান ত্রিমাত্রিক (থিডি) প্রযুক্তি দিয়ে শিল্পকর্ম তৈরির সম্ভাবনা নিয়ে অনুসন্ধান করেছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও হকনির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তার একজন মুখপাত্র বলেছেন, ব্রিটেনের অন্যতম প্রখ্যাত শিল্পী ডেভিড হকনির মৃত্যু সংবাদে প্রধানমন্ত্রী মর্মাহত।
ব্রিটিশ রাজা চার্লস বলেছেন, হকনি ছিলেন অদম্য আকর্ষণ, প্রতিভা এবং নিরন্তর উদ্ভাবনের এক অপূর্ব সমন্বয়। সামাজিকমাধ্যমে চার্লস লিখেছেন, হকনি ছিলেন শিল্প ও চিত্রকলার জগতের এক দিকপাল, আপাদমস্তক একজন ইয়র্কশায়ারবাসী এবং অনেকের কাছে এক প্রিয় বন্ধু ও অনুপ্রেরণা।
সূত্র: দ্য গার্ডিয়ান





