খাদ্যবাণিজ্য, তরুণদের যাতায়াত ও কার্বন বাজারে ঐতিহাসিক সমঝোতা
বিচ্ছেদের দশক পেরিয়ে মিলনের পথে ব্রিটেন-ইউরোপ
- তিন চুক্তিতে বছরে ১ হাজার ৭০০ কোটি পাউন্ড অর্থনৈতিক লাভের সম্ভাবনা
- দুই পক্ষের এক লাখ করে তরুণের কাজ, পড়াশোনা ও ভ্রমণের সুযোগ
- খাদ্যপণ্য রপ্তানিতে সীমান্তের অধিকাংশ পরীক্ষা ও কাগজপত্রের বাধা দূর হবে
- শিক্ষার্থীদের বেতন নিয়ে বিরোধ, ছয় মাসের মধ্যে সমাধানের চেষ্টা
- ইউরোপীয় ইউনিয়নে ফেরার সম্ভাবনা নিয়ে আগামী এক বছর আলোচনা

ছবি: রয়টার্স
এক দশক আগে যে বিচ্ছেদের সিদ্ধান্ত দুই তীরের মাঝে দেয়াল তুলেছিল, সেই দেয়ালে এবার খুলছে নতুন দরজা। ব্রেক্সিটের দীর্ঘ টানাপোড়েন পেরিয়ে আবার কাছাকাছি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্যবাণিজ্য, তরুণদের যাতায়াত ও কার্বন নিঃসরণ নিয়ে তিন গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। সম্ভাব্য অর্থনৈতিক লাভ বছরে ১ হাজার ৭০০ কোটি পাউন্ড। কিন্তু বিচ্ছেদের ক্ষত কি এত সহজে মুছবে? নাকি এই তিন চুক্তিই একদিন ব্রিটেনকে আবার ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের দিকে নিয়ে যাবে?
শুক্রবার ব্রাসেলসে দ্বিতীয় ব্রিটেন-ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে সমঝোতায় পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লায়েন ও ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা।
এ দিন দুপুরে রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘ আলোচনার পর তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে। যদিও কয়েকটি শর্তের নিষ্পত্তি এখনো বাকি।
কী রয়েছে তিন চুক্তিতে
প্রথম চুক্তিতে খাদ্য ও কৃষিপণ্যের বাণিজ্য সহজ হবে। ব্রেক্সিটের পর চালু হওয়া সীমান্তের অধিকাংশ স্বাস্থ্য পরীক্ষা, অনুমতিপত্র ও অতিরিক্ত কাগজপত্রের বাধা দূর করা হবে। এতে ব্যবসায়ীদের ব্যয় কমবে। দ্রুত বাজারে পৌঁছাবে খাদ্যপণ্য। ব্রিটিশ সরকারের হিসাবে, এই খাতে বছরে ৫১০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থনৈতিক সুবিধা আসতে পারে।
দ্বিতীয় চুক্তি তরুণদের জন্য। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের ১৮ থেকে ৩১ বছর বয়সী নাগরিকেরা সর্বোচ্চ তিন বছর একে অপরের দেশে বসবাস, কাজ, পড়াশোনা ও ভ্রমণের সুযোগ পাবেন। দুই পক্ষ থেকে এক লাখ করে অংশগ্রহণকারীর ব্যবস্থা থাকবে। তবে এটি অবাধ অভিবাসন নয়। নির্দিষ্ট অনুমতি ও শর্ত প্রযোজ্য হবে।
তৃতীয় চুক্তিতে দুই পক্ষের কার্বন নিঃসরণ বাণিজ্যব্যবস্থা যুক্ত হবে। ফলে ব্রিটেনের প্রায় ৬৫০ কোটি পাউন্ড মূল্যের ইস্পাত ও অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন রপ্তানিপণ্য ইউরোপের কার্বন সীমান্ত কর থেকে অব্যাহতি পাবে। এতে বছরে ৩৮০ কোটি পাউন্ড অর্থনৈতিক সুবিধার আশা করছে লন্ডন।
বছরে ১৭ বিলিয়ন পাউন্ডের আশা
শুক্রবার বার্নহ্যাম বলেছেন, এই সমঝোতা ব্রিটেনের অর্থনীতিতে বছরে ১ হাজার ৭০০ কোটি পাউন্ডের সমপরিমাণ সুবিধা আনতে পারে। সরকারি বিশ্লেষণ অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদন শূন্য দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
বার্নহ্যামের ভাষ্য, ‘ব্রেক্সিটের দশ বছর পর আজ ব্রিটেন ও ইউরোপ উভয়ের জন্যই ভালো দিন।’ তার মতে, এক দশকের বিভাজন পেছনে ফেলে পুরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সময় এসেছে।
ইউরোপীয় কমিশনের সভাপতি ফন ডার লায়েন দিনটিকে সম্পর্কের ‘মোড় ঘোরানো মুহূর্ত’ বলে বর্ণনা করেন।
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি কস্তা বলেছেন, ব্রিটেনের সঙ্গে সম্ভাব্য সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন।
কোথায় আটকে রয়েছে সমঝোতা
তবে বিশ্ববিদ্যালয়ে ইউরোপীয় শিক্ষার্থীদের বেতন নিয়ে মতবিরোধ কাটেনি।
ইউরোপীয় ইউনিয়নের দাবি, ব্রিটিশ শিক্ষার্থীদের সমান হারে বেতন নেওয়া হোক। বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের বার্ষিক বেতন অনেক ক্ষেত্রে ৩৮ হাজার পাউন্ড পর্যন্ত। অন্যদিকে ব্রিটিশ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সর্বোচ্চ সাধারণ বেতন ৯ হাজার ৯৭০ পাউন্ড।
ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর সম্ভাব্য আর্থিক ক্ষতির কারণে লন্ডন প্রস্তাবটি মানতে নারাজ। ছয় মাসের মধ্যে সমাধানের লক্ষ্য নির্ধারণ হয়েছে।
মূল চুক্তিগুলো বাস্তবায়নের লক্ষ্য ২০২৮ সাল। তরুণদের কর্মসূচি সর্বশেষ ২০৩০ সালের জানুয়ারির মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে।
ইউরোপে ফেরার পথ খুলছে?
২০১৬ সালের গণভোটে ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। ২০২০ সালের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।
শুক্রবার দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এক বছর ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাসহ ভবিষ্যৎ সম্পর্কের বিভিন্ন পথ নিয়ে আলোচনা করতে চান বার্নহ্যাম।
তবে বর্তমান সংসদের মেয়াদে পূর্ণ সদস্যপদে ফেরার পরিকল্পনা নেই। সহযোগিতা বাড়বে নিরাপত্তা, ইউক্রেন যুদ্ধ, অভিবাসন নিয়ন্ত্রণ ও মানবপাচার প্রতিরোধেও। আগামী সপ্তাহে সমঝোতাগুলো বাস্তবায়নের লক্ষ্যে সংসদে বিল আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ব্রেক্সিটের সিদ্ধান্ত একদিন ব্রিটেনকে ইউরোপ থেকে আলাদা করেছিল। আজ সেই বিচ্ছেদের দেয়ালে তিনটি নতুন দরজা খুলেছে। কিন্তু দরজা খোলা আর পুরোনো ঘরে ফিরে যাওয়া এক কথা নয়। ব্রিটেন কি শুধু প্রতিবেশী হিসেবে ইউরোপের হাত ধরবে, নাকি একদিন আবার সেই পরিবারের সদস্য হবে? উত্তরটি এখনো ভবিষ্যতের হাতে।



