আরবি ভাষার পণ্ডিত ড. মাজিন আল-মুবারকের ইন্তেকাল

ছবি: সিরিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
আরববিশ্বের প্রখ্যাত আরবি ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক ও ব্যাকরণবিদ ড. মাজিন আবদুল কাদির আল-মুবারক ইন্তেকাল করেছেন। আরবি ব্যাকরণশাস্ত্রে অসামান্য অবদানের জন্য তিনি ‘শাইখুন নুহাত’ (ব্যাকরণবিদদের পুরোধা) হিসেবে সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
গতকাল শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিরিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয়, দামেস্ক আরবি ভাষা একাডেমি এবং সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। শোক প্রকাশ করেছেন সিরিয়ার গ্র্যান্ড মুফতি শায়খ উসামা আর-রিফায়িও।
১৯৩০ সালে দামেস্কের সম্ভ্রান্ত ও জ্ঞানচর্চায় সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন ড. আল-মুবারক। তার পিতা শায়খ আবদুল কাদির আল-মুবারক ছিলেন আরবি ভাষা ও ইসলামী শরিয়াহর একজন খ্যাতিমান পণ্ডিত। শৈশব থেকেই তিনি ভাষা ও জ্ঞানচর্চার পরিবেশে বেড়ে ওঠেন এবং দামেস্কের প্রখ্যাত আলেম ও ভাষাবিদদের কাছে শিক্ষা লাভ করেন। পরে দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক সম্পন্ন করে কায়রো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার ডক্টরাল গবেষণার বিষয় ছিল ব্যাকরণবিদ আবু আল-হাসান আর-রুম্মানির সিবাওয়াইহের আল-কিতাববিষয়ক ব্যাখ্যা।
কর্মজীবনে তিনি দামেস্ক বিশ্ববিদ্যালয়, রিয়াদ বিশ্ববিদ্যালয়, কাতার বিশ্ববিদ্যালয়, লেবানন বিশ্ববিদ্যালয় এবং দুবাই ইসলামিক কলেজসহ আরব বিশ্বের বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। অ-আরবি ভাষাভাষীদের জন্য আরবি ভাষা শিক্ষার প্রসারে তিনি বিশেষ ভূমিকা পালন করেন এবং দামেস্ক বিশ্ববিদ্যালয়ের অধীনে এ-সংক্রান্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় নেতৃত্ব দেন।
ড. আল-মুবারক দামেস্কের আরবি ভাষা একাডেমির সক্রিয় সদস্য ছিলেন। ভাষা-অভিধান, ঐতিহাসিক আরবি অভিধান এবং আরবি ভাষাবিজ্ঞানবিষয়ক বিভিন্ন বিশেষজ্ঞ কমিটিতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একই সঙ্গে আরব লেখক সংঘের প্রতিষ্ঠাকাল থেকেই তিনি এর সদস্য ছিলেন।
তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে আর-রুম্মানি আন-নাহভি ফি দাওয়ি শারহিহি লি কিতাবি সিবাওয়াইহ, আয-যাজ্জাজি : হায়াতুহু ওয়া আছারুহু, আত-তাজদিদ ফি কাওয়াইদিল আরাবিয়্যা ওয়া মানাহিজিহা, আল-লুগাতুল আরাবিয়্যা : হুওয়িয়্যাহ ওয়া নাসাব এবং আল-লুগাতুল আরাবিয়্যা হিসনুল উম্মাহ। এ ছাড়া আরবি ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয়ে তার অসংখ্য গবেষণাপত্র ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
আরবি ভাষা ও ভাষা শিক্ষায় আজীবন অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি সৌদি আরবের কিং সালমান গ্লোবাল একাডেমি ফর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের সম্মানজনক পুরস্কারে ভূষিত হন।
ড. মাজিন আল-মুবারকের মৃত্যু আরবি ভাষা, ব্যাকরণ ও গবেষণার জগতে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। তার রেখে যাওয়া গবেষণা, গ্রন্থ ও ভাষা শিক্ষাবিষয়ক অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘদিন পথপ্রদর্শক হয়ে থাকবে।




