এআই দিয়ে পূর্ণ নম্বর পাওয়া সেই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

গাংডং জেলার চেওনহো স্টেশনের কাছাকাছি একটি মোটেল থেকে লি জিন-উকে মৃত অবস্থায় উদ্ধার করে সিউল পুলিশ
দক্ষিণ কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ল' স্কুল ভর্তি পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়ার অভিযোগে অভিযুক্ত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টা ১২ মিনিটের দিকে সিউলের গাংডং জেলার চেওনহো স্টেশনের কাছাকাছি একটি মোটেল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। দেশটির দৈনিক ‘দ্য চোসুন ডেইলি’ ও ‘দ্য হানকিওরেহ’ এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম লি জিন-উ (৩২)। তিনি সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির দন্তচিকিৎসা বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি নিজেকে একজন শিক্ষা পরামর্শক হিসেবে পরিচয় দিতেন।
সম্প্রতি ল' স্কুল ভর্তি পরীক্ষার সবকটি অংশে পূর্ণ নম্বর পেয়ে আলোচনায় আসেন লি। কিন্তু এর পরপরই তার বিরুদ্ধে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠে। এমনকি তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পুরোনো স্কোরকার্ড জাল করেছিলেন বলেও সন্দেহ করা হচ্ছিল। এ নিয়ে প্রতারণার অভিযোগে সিউল মেট্রোপলিটন পুলিশের আর্থিক অপরাধ তদন্ত দল তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। নিজের মেধার প্রমাণ দিতে বৃহস্পতিবার সকালে এক লাইভ স্ট্রিমে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন লি। সিউলের গ্যাংনাম এলাকার একটি স্টুডিওতে সরাসরি বসে আজকের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোরিয়ান ভাষা অংশের প্রশ্ন সমাধান করার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে তিনি সেখানে উপস্থিত হননি। বুধবার থেকেই তার মোবাইল ফোন বন্ধ ছিল। সকাল ৮টা ৪০ মিনিটে নিখোঁজ ডায়েরি পাওয়ার পর পুলিশ তার সন্ধানে নামে। অবশেষে চেওনহো-ডং এলাকার ওই মোটেলে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তার লেখা বলে ধারণা করা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, “আমার শরীর ও মন ক্লান্ত”। তবে চিরকুটে পরীক্ষায় জালিয়াতির অভিযোগ নিয়ে কোনো কিছু উল্লেখ ছিল না।
চোসুন ডেইলির প্রতিবেদনে বলা হয়, প্রধান অভিযুক্তের মৃত্যু হওয়ায় তার বিরুদ্ধে চলমান ফৌজদারি তদন্ত এখন আইনি প্রক্রিয়ায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



