আন্তর্জাতিক আদালতে আজ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়, কেন এটি গুরুত্বপূর্ণ

মিয়ানমার জান্তার নির্যাতন থেকে বাঁচতে আরাকান ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসছেন একদল রোহিঙ্গা। ফাইল ছবি / রয়টার্স
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগে করা মামলার রায় দিতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে রায় পড়া শুরু হবে। এ প্রক্রিয়া দেড় ঘণ্টা পর্যন্ত চলতে পারে।
এই রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী ঘোষণা করতে পারে আদালত। রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
তবে রায় কার্যকর করার ক্ষমতা আদালতের সীমিত। মিয়ানমার রায় না মানলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন করতে পারে।
মামলার পটভূমি
মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে মামলাটি করে।
দেশটির অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে। ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন।
রোহিঙ্গা বেঁচে যাওয়া ব্যক্তিরা হত্যাকাণ্ড, ব্যাপক ধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন।
জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশনও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা জানিয়েছিল।
তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবে বৈধভাবে অভিযান চালিয়েছিল সেনাবাহিনী।
রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল, এমন সরাসরি প্রমাণও নেই বলে দাবি করেছে মিয়ানমার।
কেন গুরুত্বপূর্ণ এই রায়
১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকলেই তা গণহত্যা হিসেবে গণ্য হয়।
এর আগে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করেনি আইসিজে। ২০০৭ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় ১৯৯৫ সালের হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে দায়ী করেছিল আদালত।
ওই হত্যাকাণ্ডে ৮ হাজারের বেশি মুসলিম পুরুষ ও কিশোর নিহত হয়েছিলেন। তবে সার্বিয়া নিজে গণহত্যা চালিয়েছে, এমন রায় দেয়নি আদালত।
রোহিঙ্গা মামলার রায় গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলাসহ অন্য মামলাগুলোর ক্ষেত্রেও নজির তৈরি করতে পারে।
আইসিজে রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করে। তাই মিয়ানমারকে দায়ী ঘোষণা করতে পারলেও ব্যক্তিবিশেষের বিচার করার ক্ষমতা আদালতের নেই। সেই দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)।
গাম্বিয়া আইসিজের কাছে দায়ীদের বিচারের আওতায় আনা, ক্ষতিপূরণ দেওয়া এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ চেয়েছে।
তবে রোহিঙ্গাদের পক্ষে ক্ষতিপূরণ চাওয়ার অধিকার গাম্বিয়ার আছে কি না, তা নিয়ে আপত্তি জানিয়েছে মিয়ানমার।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তাদের অনেকেই এই রায়ের দিকে তাকিয়ে আছেন।
মিয়ানমারে এখনো প্রায় ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গা রয়েছেন। সেখানে তাদের চলাচল, স্বাস্থ্যসেবা ও জীবিকার ওপর বিধিনিষেধ রয়েছে।
সূত্র : আলজাজিরা






