দক্ষিণ আফ্রিকায় পানশালায় গুলি, নিহত ১৭

ছবি: রয়টার্স
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েদেলা টাউনশিপে একটি পানশালায় গুলির ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
আজ রবিবার পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে গাউতেং প্রদেশের ওয়েস্ট র্যান্ড জেলার এক্সটেনশন ৩ এলাকায় হামলা শুরু হয়। বন্দুকধারীরা প্রথমে পানশালার বাইরে জড়ো হওয়া লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ভেতরে ঢুকেও গুলি করে।
হামলার সময় কয়েকজন ক্রেতাকে তল্লাশি করে তাদের মুঠোফোন নিয়ে নেওয়া হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন। পরে সন্দেহভাজনরা দুটি গাড়িতে করে পালিয়ে যায়। এ সময় আরও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত আটজন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে। তারা একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় ১৭টি হত্যা ও ১৫টি হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলেই ১৭ জনকে মৃত ঘোষণা করেন। তবে হামলার কারণ এখনো জানা যায়নি।
দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীরা একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।
(সূত্র: আলজাজিরা)



