চুক্তি নিয়ে শরিফ-পেজেশকিয়ান ফোনালাপ

ছবি: রয়টার্স
মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে সাম্প্রতিক অন্তর্বর্তী শান্তি চুক্তি স্বাক্ষর উপলক্ষে একে অপরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ।
টেলিফোনে আলাপকালে শরিফ ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ সই হওয়ায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান, ইরানের নেতৃত্ব এবং দেশটির জনগণকে অভিনন্দন জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
বিবৃতিতে বলা হয়, ‘এই যুগান্তকারী চুক্তি শুধু অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করবে না, বরং ইরানের পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আরও শক্তিশালী করবে পাকিস্তান-ইরান সম্পর্ককে।’
অন্যদিকে পেজেশকিয়ান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে ধন্যবাদ জানান। তার ভাষায়, মধ্যস্থতা প্রক্রিয়াকে সফল পরিণতির দিকে নিয়ে যেতে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করেছেন তারা।
পেজেশকিয়ান বললেন, ‘এই কঠিন সময়ে পাকিস্তানের ইতিবাচক ও গঠনমূলক প্রচেষ্টা এবং ইরানের প্রতি সমর্থনের কথা ইরান সবসময় মনে রাখবে।’




