সকাল ১০টা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারে শত শত মানুষের জটলা। সেই জটলা ভবনের ভেতর পেরিয়ে বাইরের সড়ক পর্যন্ত লম্বা লাইনে গড়িয়েছে। কচ্ছপের গতিতে লাইন এগোচ্ছে টিকিট কাউন্টারের দিকে। লাইনে দাঁড়িয়ে থাকা কেউ রোদ ও গরমে মুখের ঘাম মুছছেন, কেউ আবার বারবার সামনের দিকে উঁকি দিয়ে দেখছেন আর কতক্ষণ অপেক্ষা করতে হবে।
চিকিৎসা পাওয়ার আগে দীর্ঘ অপেক্ষার এ কষ্ট যেন এখানকার রোগীদের নিত্যসঙ্গী। লাইনের পেছনে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথা বললে সেই অপেক্ষার দীর্ঘশ্বাস আরও স্পষ্ট হয়ে ওঠে...