হাম উপসর্গে মমেকে আরও এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো

ছবি: আগামীর সময়
হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। আজ মঙ্গলবার ভোর রাতে মারা যায় আট মাস বয়সী শিশুটি। এ নিয়ে হাসপাতালটিতে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।
মৃত শিশুটির বাড়ি জেলার ভালুকা উপজেলায়। ১৭ মে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
এসব তথ্য নিশ্চিত করে মমেকের হাম প্রাদুর্ভাব ইউনিটের ফোকালপারসন ডা. গোলাম মাওলা জানালেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে ভর্তি হয় ৩৪টি শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩২ জন। বর্তমানে এখানে চিকিৎসাধীন ১০৪টি শিশু। গত ১৭ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি হয় ১ হাজার ৪৫২ জন শিশু ও ১ হাজার ৩১৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।






