মমেক হাসপাতালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: আগামীর সময়
হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে মারা যায় শিশুটি।
সাড়ে ৯ বছর বয়সী শিশুটির বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাজনগর এলাকায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকালে শিশুটি মমেক হাসপাতালে ভর্তি হয়। হামের উপসর্গ ছাড়াও সে নিওমোনিয়ায় আক্রান্ত ছিল।
এ পর্যন্ত মমেক হাসপাতালে হাম ও উপসর্গে মারা যাওয়া শিশুর মোট সংখ্যা দাঁড়ালো ৬৫ জনে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘন্টায় মমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ১৯ শিশু। মোট ভর্তি আছে ৭৯ জন। ছাড়পত্র পেয়েছে ৩১ জন। গত ১৭ মার্চ থেকে আজ রবিবার পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মমেক হাসপাতালে মোট ৩ হাজার ১৪ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৮৭০ শিশু।





