ভোরের আলো ফোটার আরও কিছুক্ষণ বাকি। সূর্যের সঙ্গে আড়ি দিয়ে মৎস্যকন্যারও সময় হয়েছে গভীর জলে ডুব দেওয়ার। জলরাশির ওপরে— ঊষার মৌনতায় আটকে আশপাশের প্রকৃতি। তবে সেই নীরব ছন্দে ছেদ ঘটে যখন গুরুগম্ভীর হুইসেল বাজাতে বাজাতে শান্ত বুড়িগঙ্গার জলধারাকে দুই ভাগ করে এগিয়ে আসে রাজধানীগামী লঞ্চগুলো। একে একে এসে সেই শব্দ বিলীন হয় সদরঘাটে নোঙর ফেলার মধ্য দিয়ে। এভাবেই সকাল শুরু হয় দেশের সবচেয়ে ব্যস্ততম নগর ঢাকায়।
নদীর বুক চিরে ছুটে চলা লঞ্চ, সদরঘাটে মানুষের ভিড়, রিকশার ঘণ্টি, কমলাপুরে ট্রেনের ঝকঝক শব্দ আর পুরান ঢাক...