বার্সার হ্যাটট্রিক না রিয়ালের ফেরা
- লা লিগা শুরু আজ

গত দুই মৌসুমে টানা শিরোপা জিতে লা লিগায় নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। পেপ গার্দিওলার সেই অজেয় বার্সার পর আবারও হ্যাটট্রিক লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ইয়ামাল-রাফিনিয়ারা। কিন্তু কাতালানদের এই ঐতিহাসিক স্বপ্নে সবচেয়ে বড় বাধা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। টানা দুই মৌসুমের হতাশার পর হোসে মরিনহোর নেতৃত্বে নিজেদের হারানো সিংহাসন ফিরে পেতে মরিয়া লিগের ইতিহাসের সফলতম ক্লাবটি। আজ থেকে মাঠে গড়াতে যাওয়া লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে আলাভেস-গেতাফে ম্যাচ দিয়ে।
দলবদলের মৌসুমে বার্সার সবচেয়ে বড় দুই লক্ষ্য ছিল হুলিয়ান আলভারেস ও রোদ্রি। নানা নাটকের পর আতলেতিকো মাদ্রিদ ছেড়ে আর আসা হচ্ছে না আলভারেসের। এদিকে রোদ্রির জন্য শেষ মুহূর্তের লড়াই চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি।
টানা দুই মৌসুমে লা লিগা শিরোপা হারিয়ে বেশ চাপে আছে রিয়াল, আসেনি বড় অন্য কোনো ট্রফিও। ১৩ বছর পর রিয়ালের ডাগআউটে ফিরেছেন হোসে মরিনহো। তার অধীনে ঘুরে দাঁড়িয়ে ট্রফি জয়ের রাস্তায় ফিরবে, মাদ্রিদিস্তাদের এই যেন একমাত্র প্রার্থনা।
মরিনহো এসেছেন, সঙ্গে এসেছেন বেশ কয়েকজন তারকা ফুটবলারও। গত মৌসুমে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র মিলে লিগে করেছেন ৪১ গোল। মাঝমাঠ থেকে জুড বেলিংহাম যোগ করেছেন ৬ গোল। নতুন চুক্তি করে রিয়ালেই থাকছেন ভিনি। রিয়াল-বার্সার বাইরে চোখ রাখতে হবে আতলেতিকো মাদ্রিদের দিকে। গত মৌসুমে চতুর্থ হয়েছে দলটি, তাই দিয়েগো সিমিওনের ওপর এবার চাপটা বেশিই থাকবে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল, কোপা দেল রের ফাইনালে উঠলেও ক্লাব ছিল ট্রফিশূন্য। আলভারেসই এবার দলের সবচেয়ে বড় তারকা। মাঝমাঠে শক্তি বাড়াতে ৪ কোটি ইউরোতে মর্তেন হিউলমান্দ ও একই দামে লি কাং ইনকে কিনেছে ক্লাবটি।
তবে শেষ পর্যন্ত লড়াইটা হয়তো সেই বার্সা-রিয়ালেরেই হবে।
রিয়াল মাদ্রিদ
২২ আগস্ট রাত ১.৩০ মিনিটে মাঠে নামবে রিয়াল।
যারা এলেন: ইয়ান দিওমান্দে, বের্নার্দো সিলভা, ডেনজেল ডামফ্রিস, ইব্রাহিমা কোনাতে
যারা ক্লাব ছাড়লেন: মাস্তানতুয়ানো, গনসালো গার্সিয়া, সিজার পালাসিয়োস।
বার্সেলোনা
২৩ আগস্ট রাত ১.৩০ মিনিটে মাঠে নামবে বার্সা।
যারা এলেন: অ্যান্থনি গর্ডন, করিম আদিয়েমি, জেসে বিসিউ
যারা ক্লাব ছাড়লেন: আনসু ফাতি, আন্দ্রে টের স্টেগান, রোনাল্ড আরাউহো






