ব্রাজিলকে ফেভারিট মানছেন হালান্ড

সংগৃহীত ছবি
ইতিহাস গড়ে শেষ ১৬ তে পা রেখেছেন তারা। আরলিং হালান্ডের নরওয়ের সামনে এখন পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দুই দলের মহারণের আগে হালান্ড জানিয়েছেন, ব্রাজিলের জয়ের সম্ভাবনাই বেশি।
ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে ইতিহাস অবশ্য নরওয়ের পক্ষেই কথা বলছে। দুই দলের আগের চারবারের দেখায় ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে পারেনি। তবে এবারও সেই ধারা বজায় থাকবে কি না, সে বিষয়ে তেমন একটা আত্মবিশ্বাসী নন হালান্ড।
বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এ আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর ফিফাকে সাক্ষাৎকার দিয়েছেন হালান্ড। সেখানে জানতে চাওয়া হয়, ব্রাজিল-নরওয়ে ম্যাচে কার জয়ের সম্ভাবনা বেশি? হালান্ড সাফ জানিয়েছেন, নরওয়ের সম্ভাবনা খুবই কম!
ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার বিষয়ে এর আগে হালান্ড বলেছিলেন, ‘শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে, এটাই বাস্তবতা।’
ভাইকিংস রো উদযাপনে মাতোয়ারা নরওয়েসহ পুরো বিশ্ব। নিজ দেশের মানুষের উচ্ছ্বাসের কথা তুলে ধরে হালান্ড বলেছেন, ‘নরওয়ের মানুষ দলের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত। জাতীয় দলকে ঘিরে পুরো দেশের এই ঐক্য আমাদের পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলে।’
তবে সামনে যে ব্রাজিল নামের মহা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন হালান্ড ‘এখন আমরা শেষ ষোলোতে। এখান থেকে প্রতিটি দলই শক্তিশালী। সামনে এগোনো মোটেও সহজ হবে না। আমরা পারব কি না, সেটাও জানি না। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং সেই প্রস্তুতি ধরে রাখার চেষ্টা করছি।’




