লামিন ইয়ামাল
আমার আদর্শ নেইমার কিন্তু মেসি সর্বকালের সেরা

সংগৃহীত ছবি
কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ শিরোপা রক্ষার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। আর এই জয়ের কেন্দ্রে ছিলেন স্বয়ং লিওনেল মেসি, যার জাদুকরী পারফরম্যান্স আরও একবার ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে।
মেসির এই চমৎকার পারফরম্যান্স নিয়ে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল বলেন, ‘প্রতিটি ম্যাচই প্রমাণ করে সে ইতিহাসের সেরা। কেউ যদি এখনো সন্দেহ করে, সে সন্দেহ খুঁজছে বলেই করছে।’ নেইমারকে নিজের আদর্শ বলেও তিনি যোগ করেন, ‘আমার আদর্শ নেইমার কিন্তু মেসি সর্বকালের সেরা — এ নিয়ে আর কোনো কথা নেই।’
অবশ্য ইয়ামাল নিজে এখনো পুরোপুরি ফিটনেসে ফেরেননি। কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক ০-০ ড্রতে তিনি মাত্র ১৯ মিনিট মাঠে ছিলেন। কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন এবং আর্লিং হালান্ড প্রত্যেকে দুটি করে গোল করলেও তুলনামূলক চাপ অনুভব করছেন না বার্সেলোনার এই উইঙ্গার, ‘আমার খেলার ধরন আলাদা। আমি আনন্দ নিয়ে খেলতে চাই, জিততে চাই । ১৬ গোল করে সেমিফাইনালে বিদায় নেওয়া আমার লক্ষ্য নয়।’ বলেন ইয়ামাল।
সৌদি আরবের বিপক্ষে আটলান্টা স্টেডিয়ামে স্পেনের পরবর্তী ম্যাচে ইয়ামাল শুরু থেকে খেলবেন কি না, তা নিশ্চিত করেননি কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে ইয়ামাল জানিয়েছেন, কোচ যতক্ষণ চাইবেন, তিনি মাঠে থাকতে প্রস্তুত। সর্বশেষ চার বিশ্বকাপ ম্যাচে স্পেন একটিও জিততে পারেনি, এটি তাদের ইতিহাসে যৌথ সর্বোচ্চ। সৌদির বিপক্ষে জয়ের ধারায় ফিরতে মাঠে নামবেন ইয়ামালরা।




