এমবাপ্পেকে ঠেকাতে তিন কিপার চায় ইরাক!

সংগৃহীত ছবি
মাঠে তাকে ঠেকাতেই ব্যস্ত থাকেন একাধিক ডিফেন্ডার। কিন্তু দিনশেষে গোলকিপার তো একজনই। এবার ফ্রান্সের বিপক্ষে নামার আগে ইরাক কোচ গ্রাহাম আর্নল্ড রসিকতা করেই বললেন, কিলিয়ান এমবাপ্পেকে ঠেকাতে তিনজন কিপার দরকার ছিল তাদের!
মাত্র ১৯ বছর বয়সেই জিতেছিলেন বিশ্বকাপ। তার দুর্দান্ত পারফরম্যান্সেই টানা দুইবার ফাইনাল খেলেছে ফ্রান্স। এবারও জোড়া গোলে বিশ্বকাপ মিশন শুরু করেছেন এই রিয়াল তারকা।
রাত তিনটায় গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে ফ্রান্স। সেই ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে যথারীতি এমবাপ্পে। এই ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলতে নামছেন তিনি।
ফ্রান্সের আক্রমণভাগকে কীভাবে সামলানো যায়, বিশেষ করে এমবাপ্পেকে কীভাবে থামানো যায়, এ নিয়েই চলছে আলোচনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গ্রাহাম জানালেন, তিনজন কিপার ছাড়া এমবাপ্পেকে আটকানো কঠিন, ‘আমি তো জিজ্ঞেস করেছিলাম, আমরা গোলপোস্টে একসঙ্গে তিনজন গোলকিপার খেলাতে পারি কি না! কিন্তু ওরা না করে দিল।’
নরওয়ের বিপক্ষে ৪-১ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় ইরাক। ফ্রান্সের কাছে হারলে অনেকটাই নিশ্চিত হবে তাদের বিদায়।
প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, নিজের দলকে আত্মবিশ্বাসী রাখার চেষ্টা করছেন আর্নল্ড। বলেছেন, ‘ফ্রান্স কীভাবে খেলবে, সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমরা নিজেদের খেলাটা নিয়ন্ত্রণ করতে পারি। আমি নিশ্চিত করছি, আমার খেলোয়াড়রা মাঠে নেমে বিশ্বকে নিজেদের সামর্থ্য দেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।’




