৬ সংখ্যায় মার্তিনেজের সর্বনাশ!

সংগৃহীত ছবি
সংখ্যাতত্ত্বে তার অগাধ বিশ্বাস। বিশ্বকাপ শুরুর আগে সেই বিশ্বাসের কথা নিজেই জানিয়েছিলেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। এবার বুঝা গেল, মার্তিনেজের সেই বিশ্বাস নেহায়েতই মিথ্যে নয়। তবে সংখ্যাতত্ত্বের নির্মম রসিকতার শিকার হয়ে বিদায় বলতে হয়েছে মার্তিনেজকেই!
বিশ্বকাপ শুরুর আগে মে মাসে পর্তুগিজ টিভি চ্যানেল আরটিপিকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, ‘আমি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করি। ৬ সংখ্যাটি আমাদের সৌভাগ্য বয়ে আনতে পারে। ২০১৬ সালে পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে। ১৯৬৬ সালে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পায়। ২০০৬ সালেও সেমিফাইনালে ওঠে। পর্তুগাল যা পাওয়ার যোগ্য, এখন তা অর্জনের সময় এসেছে।’
তবে এবারও বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরছে পর্তুগাল। স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর কোচের পদ থেকেও সরে দাঁড়ান মার্তিনেজ।
পর্তুগালের এমন বিদায়ের পর সামনে আসছে ৬ সংখ্যার সেই ব্যাপারটাও। গ্রুপ পর্বে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। সে ম্যাচে ৬ মিনিটে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার হোয়াও নেভাস। তার জার্সি নম্বর ১৫। এই দুটি সংখ্যা (৫+১) যোগ করলে হয় ৬।
উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ে রোনালদো প্রথম গোলটি করেন ম্যাচের ষষ্ঠ মিনিটে। এবার ক্যারিয়ারের ৬ নম্বর বিশ্বকাপ খেলতে এসেছিলেন রোনালদো। ৬ সংখ্যাটা তাই সত্যিই মার্তিনেজের জন্য শুভ মনে হচ্ছিল।
তবে গতকাল রাতে ডালাসে স্পেনের বিপক্ষে ম্যাচে এই ৬ সংখ্যাটাই পর্তুগালের জন্য ‘অপয়া’ হয়ে দাঁড়ায়। শেষ ১৬এর ম্যাচটি স্থানীয় সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে ৬ জুলাই। আর এ ম্যাচে স্পেনের জয়সূচক গোলদাতা মিকেল মেরিনোর জার্সি নম্বর ৬!
যে ৬ সংখ্যা এতদিন মার্তিনেজের জন্য পয়া ছিল, সেটাই দিনশেষে হয়ে গেল বিষাদের কারণ।




