ব্রাজিলের ফ্রন্টলাইন অনেক এগিয়ে

গ্রাফিকস: আগামীর সময়
মরক্কো নিশ্চিতভাবে ব্রাজিলের জন্য কঠিন প্রতিপক্ষ হবে। গত বিশ্বকাপে তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে। তাদের সব খেলোয়াড় ইউরোপের বিভিন্ন লিগে খেলে। তাদের বৈশিষ্ট্য হলো ডরভয়হীন খেলা। ব্রাজিলের ফরমেশন ৪-৩-৩। তিন মিডফিল্ডার হিসেবে কাসেমিরো, লুকাস পাকেতার সঙ্গে ব্রুনো গুইমারেস। ফ্রন্ট লাইনে যেহেতু নেইমারকে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে হয়তো মার্তিনেল্লিকে দেখা যাবে। ব্যাক ফোরে ওয়েসলির না থাকাটা বড় দুঃসংবাদ। দানিলো, ডগলাস সান্তোস, অ্যালেক্স সান্দ্রো এবং ব্রেমার খেলতে পারেন।
মরক্কো ৪-২-৩-১ ফরমেশনে রক্ষণভাগে এক পাশে আশরাফ হাকিমি থাকবেন বড় শক্তি হয়ে। দুই সেন্ট্রাল মিডফিল্ডারের একজন আমরাবাত, আরেকজন এল আয়নাউই। রিয়াল তারকা ব্রাহিম দিয়াস নাম্বার টেন পজিশনে আর নাম্বার নাইনে থাকবেন এল কাভি। দুই ফ্ল্যাঙ্কে এল খান্নাস ও উনাহি।
এই যদি হয়, ব্রাজিল মাঝমাঠে রাখবে শুধু কাসেমিরোকে। অন্যদিকে এ পজিশনে তাকে লড়তে হবে দুজনের সঙ্গে। ব্রাজিল যখন প্রেস করবে, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেসকে তখন আমরাবাত এবং আয়নাউই ক্লোজ ডাউন করবে। তারা চেষ্টা করবে যাতে পাকেতা ও গুইমারেসের কাছে বল না যায়। ব্রাহিম দিয়াস যদি ডিপে ড্রপ করে, কাসেমিরো তাকে অনুসরণ করবে।
কাউন্টার অ্যাটাকে মরক্কো অনেক ভয়ংকর। ব্রাজিলকে সতর্ক থাকতে হবে। লড়াইটা হবে মরক্কোর ব্যাক ফোর এবং দুই হোল্ডিং মিডফিল্ডারের বনাম ব্রাজিলের ফ্রন্টলাইনের। ব্যক্তিগত শৈলীতে ব্রাজিলের খেলোয়াড়রা অনেক এগিয়ে। তবে মরক্কোর শক্ত রক্ষণ তাদের পথচলাটা কঠিন করে তুলবে। একই সঙ্গে ব্রাজিলের ব্যাকলাইনকে লড়তে হবে এল খন্নাস, উনাহি, ব্রাহিম দিয়াসের মতো গতিময় ফরোয়ার্ডদের বিপক্ষে। এ ম্যাচে ট্রানজিশনটা খুব গুরুত্বপূর্ণ। ব্রাজিল যখন বল হারাবে, ট্রানজিশনে দ্রুত তাদের নামতে হবে। সেটা করতে না পারলে সমস্যায় পড়বে। সবকিছু মিলিয়ে একটা বড় ট্যাকটিক্যাল লড়াই হবে আমার মনে হয়। পাশাপাশি এটা একটা শরীরনির্ভর ম্যাচেও রূপ নিতে পারে।
ফুটবল একটি নির্দিষ্ট ছকে বন্দি থেকে খেলা যায় না। অনেক অপশন ভেবেই কোচ কৌশল সাজায়। যেহেতু ব্রাজিল ডাগআউটে কার্লো আনচেলত্তির মতো অভিজ্ঞ এবং সফল কোচ আছেন, তিনি জানেন, কোন সময়, কাকে, কোথায় ব্যবহার করতে হবে। ব্রাজিলের জন্য ম্যাচটা কঠিন হবে ঠিক, তবে তাদের জেতার সর্বোচ্চ চেষ্টাই করতে হবে। যেহেতু এই গ্রুপের সেরা দুই দলের লড়াইটা শুরুতে হচ্ছে, এ ম্যাচের ফলাফলটা ভীষণ গুরুত্বপূর্ণ। এ ম্যাচে যারা হোঁচট খাবে, তাদের জন্য পথচলাটা কঠিন হবে। আমি নিশ্চিত ভালো একটা শুরুর জন্য আনচেলত্তি, তার সম্ভাব্য সব অস্ত্রই ধীরে ধীরে ব্যবহার করবেন।





