বালোগানের লাল কার্ড
সমর্থকরা পাচ্ছে ১২ কোটি টাকার পিজ্জা!

সংগৃহীত ছবি
নকআউট পর্বে বসনিয়ার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। তার এই কার্ড দেখান দলের ক্ষতি হলেও বেশ লাভবান হয়েছেন দেশটির ফুটবল ভক্তরা। জনপ্রিয় পিজ্জা ব্র্যান্ড ডোমিনোজ এই লাল কার্ডের সুবাদে ১২ কোটি টাকার পিজ্জা বিনামূল্যে বিতরণ করবে সমর্থকদের মধ্যে!
প্রমোশনাল ক্যাম্পেইনের অংশ হিসেবে বিশ্বকাপ শুরুর আগেই এই উপহারের কথা জানিয়েছিল ডোমিনোজ। যুক্তরাষ্ট্র দলের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলেই তারা সমর্থকদের ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) মূল্যের ‘ইমার্জেন্সি পিজ্জা’ ফ্রি দেবে, জানানো হয়েছিল এমনটাই।
গত ১৮ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডোমিনোজ জানিয়েছিল, ‘আমরা ভক্তদের বিনামূল্যে পিজ্জা জেতার সুযোগ দিচ্ছি। ফুটবলপ্রেমীরা জানেন, নিজের পছন্দের দলের লাল কার্ড পাওয়া খুবই কষ্টের বিষয়। যুক্তরাষ্ট্র স্কোয়াডের সাথে এমনটা ঘটলে, সেই কষ্ট কিছুটা লাঘব করতে ডোমিনোজ ইমার্জেন্সি পিজ্জা নিয়ে হাজির হবে।’
ডোমিনোজ আরও জানায়, ‘এই উপহার হয়তো ম্যাচের ফলাফল বদলে দেবে না, তবে সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে একটি সুস্বাদু আনন্দদায়ক অনুভূতি তো অবশ্যই এনে দিতে পারে।’
গ্রুপ পর্বে কোন লাল কার্ড দেখেনি যুক্তরাষ্ট্র। নকআউটে এসেই সরাসরি লাল কার্ড দেখেছেন বালোগান। প্রতিশ্রুতি অনুযায়ী ডোমিনোজ ঘোষণা দেয়, তারা লটারির মাধ্যমে ৬০ হাজারের বেশি সমর্থককে নির্বাচিত করবে এবং এদের প্রত্যেকের কাছে একটি মাঝারি আকারের পিজ্জা বিনামূল্যে পাঠিয়ে দেবে।



