বিমানবন্দরে তল্লাশিও উপভোগ করলেন মেসি

সংগৃহীত ছবি
নজিরবিহীন নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। নিরাপত্তা আসলে কোন পর্যায়ে, সেটার প্রমাণ আবারও মিলল। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে বিমানবন্দরে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়েছে লিওনেল মেসিকেও! এই তল্লাশিতে অবশ্য বেশ মজাই পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মিসৌরির কানসাস সিটিতে আর্জেন্টিনার বিশ্বকাপের বেস ক্যাম্প। মেসিদের পরবর্তী ম্যাচের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়াম। সেখানে রাউন্ড অব ৩২ এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে তারা।
এই ম্যাচ খেলার জন্য মিসৌরির বিমানে ওঠার আগে নিয়মমাফিক নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হয় পুরো আর্জেন্টিনা দল। এই তল্লাশির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, নিজেদের লাগেজ বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের কাছে রেখে সামনে এগোচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। যেখানে মেসিকেও মেটাল ডিটেক্টর দিয়ে পুরো শরীর তল্লাশি করা হয়।
এর আগে ডিফেন্ডার রদ্রিগো দি পলকেও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। সেই দৃশ্য দেখে কোনো এক কারণে মেসি অট্টহাসিতে ফেটে পড়েন।
মেসিদের এমন তল্লাশি আবারও জানিয়ে দিল, বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে কোন ছাড় দিচ্ছে না মূল আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।



