বিশ্বকাপ ইতিহাসে যেভাবে ৩ হাজার গোল

সংগৃহীত ছবি
১৯৩০ সালে যাত্রা শুরু। এরপর কেটে গেছে প্রায় এক শতাব্দী। এই দীর্ঘ পথচলায় অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে ফুটবল বিশ্বকাপ। শিরোপা জয়ের পাশাপাশি ইতিহাসের পাতায় বিশেষভাবে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের মাইলফলক গোলগুলো।
প্রথম গোলটি হয়েছিল বিশ্বকাপের অভিষেক আসরে, ১৯৩০ সালে। আর সবচেয়ে নিকটতম মাইলফলকটি? ধারণা করা যায় কত? তিন হাজারতম! আর এই গোলটি এসেছে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের সবশেষ শ্বাসরুদ্ধকর জয়ের দিনে। আর্জেন্টিনার এনজো ফের্নান্দেস হয়েছেন তিন হাজারতম গোলের স্কোরার।
প্রথম গোল - বিশ্বকাপের প্রথম গোলটি আসে ১৯৩০ সালে উরুগুয়ের মন্টেভিডিওতে। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ১৯তম মিনিটে ফ্রান্সের লুসিয়েন লরাঁ ভলি থেকে জালে বল পাঠিয়ে বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম লেখান ইতিহাসে। সেই ম্যাচে ফ্রান্স ৪-১ ব্যবধানে জয় পায়।
১০০তম - চার বছর পর ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে আসে ১০০তম গোল। যুক্তরাষ্ট্রকে ৭-১ ব্যবধানে হারানোর ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করে শততম গোলটি করেন ইতালির অ্যাঞ্জেলো শিয়াভিও। পরে ফাইনালেও অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে ইতালিকে শিরোপা এনে দেন তিনি।
২০০তম - ১৯৩৮ সালের বিশ্বকাপে কিউবার বিপক্ষে ৮-০ গোলের জয়ে নিজের হ্যাটট্রিকের তৃতীয় গোলটি করে বিশ্বকাপের ২০০তম গোলের রেকর্ড গড়েন সুইডেনের হ্যারি অ্যান্ডারসন।
৩০০তম - ১৯৫০ সালে স্পেনের বিপক্ষে ব্রাজিল ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে আদেমিরের বাড়ানো বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন চিকো। সেটিই ছিল বিশ্বকাপের ৩০০তম গোল।
৪০০তম - ১৯৫৪ সালে সুইজারল্যান্ড বিশ্বকাপে তুরস্ককে ৪-১ গোলে হারানোর ম্যাচে পশ্চিম জার্মানির ম্যাক্স মরলক করেন বিশ্বকাপের ৪০০তম গোল। চার বছর পর সুইডেন বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে স্কটল্যান্ডের ববি কলিন্স করেন টুর্নামেন্টের ৫০০তম গোল।
৫০০তম - প্যারাগুয়ের বিপক্ষে স্কটল্যান্ডের মিডফিল্ডার ববি কলিন্স বক্সের ভেতরে আলগা বল পেয়ে গোল করে বিশ্বকাপের ৫০০তম গোলের মালিক হন। যদিও ম্যাচটি স্কটল্যান্ড ৩-২ ব্যবধানে হেরে যায়।
১০০০তম - দীর্ঘ অপেক্ষার পর ১৯৭৮ সালে আর্জেন্টিনা বিশ্বকাপে আসে এক হাজারতম গোলের মুহূর্ত। স্কটল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক এই মাইলফলক স্পর্শ করেন।
১৫০০তম - ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে আসে ১৫০০তম গোল। নাইজেরিয়ার বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার ফ্রি-কিক থেকে ফিরতি বলে জালে বল পাঠান ক্লদিও ক্যানিজিয়া। সেটিই ছিল বিশ্বকাপের দেড় হাজারতম গোল। ঘটনাচক্রে সেটিই ছিল ম্যারাডোনার আর্জেন্টিনা ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ।
২০০০তম - ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হেডে গোল করে দুই হাজারতম গোলের কৃতিত্ব অর্জন করেন সুইডেনের মার্কুস আলব্যাক। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
২৫০০তম - রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে পানামার বিপক্ষে তিউনিসিয়ার ফাখরেদ্দিন বেন ইউসেফ করেন বিশ্বকাপের ২৫০০তম গোল। দারুণ এক দলীয় আক্রমণের সফল সমাপ্তি টেনেছিলেন তিনি।
৩০০০তম - সবশেষ ২০২৬ বিশ্বকাপে নতুন ইতিহাস লেখেন আর্জেন্টিনার এনজো ফের্নান্দেস। মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। যোগ করা সময়ের ৯২তম মিনিটে এনজোর দুর্দান্ত হেডে আসে জয়সূচক গোল। সেই গোলই বিশ্বকাপ ইতিহাসের ৩ হাজারতম গোল হিসেবে নতুন এক মাইলফলক স্পর্শ করে।
প্রায় এক শতাব্দীর এই যাত্রায় বিশ্বকাপ শুধু সেরা দলই খুঁজে দেয়নি, ফুটবল ইতিহাসকে সমৃদ্ধ করেছে এমন সব মুহূর্ত দিয়ে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে।




