বিশ্বকাপের বাকি এক দিন
‘সমর্থকদের বলছি, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব’

সংগৃহীত ছবি
আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল আর্জেন্টিনা। এর চেয়েও বড় খবর, লিওনেল মেসি বদলি হিসেবে মাঠে নেমেছেন এবং গোলও করেছেন। যুক্তরাষ্ট্রের আলাবামায় অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বাকি দুটি গোল করেন ভালেনতিন বারকো ও থিয়াগো আলমাদা। আগামী সপ্তাহে টেক্সাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল। তার আগে সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন আর্জেন্টিনা কোচ।
গত আসরে ৩৬ বছর পর শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার তাদের মিশন শিরোপা ধরে রাখা। আইসল্যান্ড ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে স্কালোনি বলেন, ‘১০ মিনিট আগেই আমি খেলোয়াড়দের একটি কথা বলেছি। আমরা এখন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি, দল ভালো করছে। তবে ভালো করলেই যে শিরোপার নিশ্চয়তা পাওয়া যায়, তা নয়। কিন্তু খেলোয়াড়রা আমাকে আশ্বস্ত করেছে যে তারা মাঠে নিজেদের উজার করে দেবে এবং যেভাবে খেলছে তা ধরে রাখবে। যখন তাদের শৈল্পিক ফুটবল খেলতে হয়, তখন তারা চমৎকার; আবার যখন মাঠে দৌড়াতে হয়, তখনও তারা অসাধারণ।’
স্কালোনি আরও বলেন, ‘যখন আপনি লিও মেসি, নিকো পাজ বা লাউতারোকে মাঠে এমনভাবে দৌড়াতে দেখবেন যেন এটাই তাদের জীবনের শেষ ম্যাচ। তখন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই এই দলের সঙ্গে একাত্ম হতে পারবে। সেরা ফুটবল খেলা দলটিই যে বিশ্বকাপ জিতবে, এমন কোনো কথা নেই। গত আসরে আমাদের শিরোপা জয়ে ভাগ্য ও পারফরম্যান্সের মেলবন্ধন ঘটেছিল। তবে শিরোপা জিততে অনেক বিষয় পক্ষে থাকা প্রয়োজন। সমর্থকদের উদ্দেশে একটাই বার্তা— আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। এই বিষয়ে যেন সবাই নিশ্চিত থাকে।’
আইসল্যান্ড ম্যাচে শিষ্যদের পারফরম্যান্স ও ফিটনেস প্রসঙ্গে স্কালোনি আরও বলেন, ‘প্রতিপক্ষ যেমনই হোক না কেন, ম্যাচটি কঠিন ছিল। বিশ্বকাপের প্রথম ম্যাচের আর মাত্র এক সপ্তাহ বাকি, তাই আমরা চেয়েছিলাম ছেলেরা যেন ম্যাচটি ভালোভাবে শেষ করতে পারে। আমরা সবার প্লেয়িং টাইম ভাগ করে দিয়েছিলাম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে; দল ভালো খেলেছে, যখন রক্ষণাত্মক হওয়া প্রয়োজন ছিল তখন ডিফেন্ড করেছে, আর যখন আক্রমণ করার দরকার ছিল তখন আক্রমণ করেছে।



