নিকো পাসকে নিয়ে সতর্ক স্কালোনি

সংগৃহীত ছবি
কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার নিকো পাস। তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হলেও এখনই তাকে ঘিরে অতিরিক্ত প্রত্যাশা তৈরি করতে চান না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তরুণ এই ফুটবলারকে প্রত্যাশার চাপ থেকে দূরে রাখার আশ্বাস দিয়েছেন তিনি।
২০২৬ সালের শেষ ম্যাচে এস্তাদিও মারিও আলবের্তো কেম্পেসে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে আলো ছড়িয়েছেন ২২ বছর বয়সী পাস। জোড়া গোলের পাশাপাশি মাঝমাঠে দারুণ পারফরম্যান্স দেখিছেন এই তরুণ। লিওনেল মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনার নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যে অন্যতম প্রতিভাবান হিসেবে নিজেকে তুলে ধরেছেন তিনি।
তবে পাসের পারফরম্যান্সে মুগ্ধ হলেও তাকে নিয়ে এখনই বাড়তি প্রত্যাশা তৈরি করতে চান না স্কালোনি। বরং তার মতে, এই তরুণের কাছ থেকে আরও ভালো কিছু পাওয়ার সুযোগ রয়েছে।
লা নাসিওনকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘সে আরও বেশি কিছু দিতে পারে। আজ সে খুব ভালো খেলেছে, আগের ম্যাচেও ভালো করেছে। প্রয়োজন হলে সে শারীরিক লড়াই করে, আবার বল পায়ে খেলতেও পারে। আমরা তাকে আগলে রাখব। তাকে নিয়ে আমরা খুবই খুশি।’
পাসের ব্যক্তিগত নৈপুণ্যের প্রশংসা করলেও স্কালোনি মনে করেন, একা কোনো ফুটবলারের পক্ষে ম্যাচ জেতানো সম্ভব নয়। দলের সঙ্গে মানিয়ে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় অবদান রাখাই হওয়া উচিত তরুণদের মূল লক্ষ্য, ‘সে একা ম্যাচ জেতাতে পারবে না। আজকের মতো কিছু দারুণ মুহূর্ত তৈরি করে সে দলকে সাহায্য করতে পারে। আর এটাই গুরুত্বপূর্ণ—আগে দল, এরপর ব্যক্তিগত অর্জন। ইতিহাসের সেরা ফুটবলারও যদি বুঝে থাকেন যে জিততে সতীর্থদের প্রয়োজন, তাহলে তরুণদেরও নিশ্চয়ই তাদের প্রয়োজন হবে।’
কোস্টারিকার বিপক্ষে আলো ছড়িয়েছেন আরেক তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো। বিরতির পর বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন তিনি। তবে তার প্রতিভায় মুগ্ধ হলেও এখনই বেশি চাপ দিতে চান না স্কালোনি। রিভার প্লেটের এই ফুটবলারকে ধীরে ধীরে গড়ে তোলার পক্ষে তিনি, ‘ফ্রাঙ্কোর ক্ষেত্রে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। তাকে শান্ত রাখতে হবে। আমি বিশ্বাস করি, আমাদের তাকে সাহায্য করতে হবে। সে একদিন দারুণ ফুটবলার হবে।’



