পূর্ণ শক্তির দল নিয়ে আসেনি কেউই

ফুটবলে ভারত-পাকিস্তান দ্বৈরথ যে কতটা নিরুত্তাপ, তার একটা উদাহরণ হয়ে থাকতে পারে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। ভারত পাঠিয়েছে দ্বিতীয় সারির দল, ২৮ সদস্যের সেই দলেরই ১০ জন এখনো আসেননি, আসবেন ৫ তারিখের পর। পাকিস্তান দলও তাদের মূল দলের অর্ধেক খেলোয়াড়কে বাইরে রেখেই এসেছে বাংলাদেশে।
ভারতের মূল দল যাবে নিউজিল্যান্ড, অকল্যান্ডে, তারা খেলবে দুটি প্রীতি ম্যাচ। তাই মূল দলের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়েই স্কোয়াড বানিয়ে পাঠিয়েছে এআইএফএফ। সেই দলটিরও এসেছে ১৮ জন। কারণ, ক্লাব ছাড়েনি। ভারতের কোচ নওশাদ মুসা বললেন, ‘আমার দলে এখন পর্যন্ত দুজন গোলরক্ষক ও তৃতীয় জন আসছে।’ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে লিস্টন কোলাসোকে কতটা মিস করবেন— জানতে চাইলে তিনি বললেন, ‘আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা ওর জায়গাটা নিতে পারে। তারা অন্যান্য ক্লাবে লিস্টনের জায়গায় খেলছে। আমি ইতিবাচক মানুষ, আমরা ইতিবাচক ফুটবল খেলতে এবং নিজেদের সেরাটা দিতে চাই।’
নওশাদ আরও জানিয়েছেন, প্রস্তুতির সামান্য সুযোগ পেয়েছে তার দল, ‘আমরা পুরো স্কোয়াড একসঙ্গে পাইনি, যেহেতু ইন্ডিয়ান সুপার লিগ চলছে। যে দল আমি পেয়েছি, সেটা তরুণ, প্রতিভাবান এবং শক্তিশালী।’ নওশাদ ঢাকায় পা রাখার আগে মাত্র এক দিন অনুশীলন করানোর সুযোগ পেয়েছেন, সেটাও ছিল ১৫ জনকে নিয়ে। নওশাদ বারবারই বলেছেন তার সংক্ষিপ্ত দলের কথা, ‘আমাদের স্কোয়াড ছোট। কারণ আমাদের নিউজিল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ আছে। তাই দলের একটা অংশ নিউজিল্যান্ডে যাবে এবং সেখানে দুটি ম্যাচ খেলবে। আর যে চাপের কথা বলছেন, আমি সেই চাপকে ভালোবাসি। আমি দেখি যে, আমার খেলোয়াড়রা একদম খোলা মনে খেলে। শিরোপা ধরে রাখার বিষয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি যা নিয়ে ভাবছি, তা হলো ভালো ফুটবল , ’
পাকিস্তানের অধিনায়ক আলমগীর গাজী খেলেছেন বাংলাদেশে, ব্রাদার্স ইউনিয়নে। তিনি দর্শকদের সমর্থন চেয়েছেন ভারতের বিপক্ষে। তবে একই সঙ্গে জানিয়েছেন, তারাও পূর্ণ শক্তির দল নিয়ে আসেননি, ‘ভারত ভালো দল, যদিও তারা তাদের দ্বিতীয় সারির দল পাঠিয়েছে, সেটাও ভালো দল। আমরাও অর্ধেকের মতো খেলোয়াড় ছাড়াই এসেছি। আমাদের দেশের বাইরের খেলোয়াড়দের পেলে ভালো হতো। আমরা যদি সেমিফাইনালে উঠতে পারি, তাহলে ওরা আসবে। না হলে আমরা বাড়ির পথ ধরব।’ আব্দুল আরশাদ, আব্দুল্লাহ ইকবাল, আলি আকবর খানদের মতো ইউরোপে খেলা পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের এখনই পাচ্ছে না পাকিস্তান। অধিনায়ক বললেন, ‘আমরা যদি সেমিফাইনালে না উঠি, তাহলে ওরা আসবে না।’




