স্কালোনির ইঙ্গিত
আমার থাকা না থাকা মূল বিষয় নয়

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের পর এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, তরুণদের নিয়ে দল গঠন এবং মহাতারকা লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়লগ্নের প্রসঙ্গ নিয়ে খোলামেলা কথা বলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। এশীয় সংবাদমাধ্যম ‘মিগু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দলের আগামী দিনগুলো নিয়ে নিজের ভাবনা ব্যক্ত করেন।
আসন্ন ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং অক্টোবরের শুরুতে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন লিওনেল মেসি। ওদিকে বিশ্বকাপের পর থেকেই স্কালোনির ভবিষ্যৎ নিয়েও সংশয় তৈরি হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে তার চুক্তি আছে। তবে দলের অগ্রযাত্রায় নিজেকে গুরুত্বপূর্ণ ভাবছেন না স্কালোনি, ‘যৌক্তিকভাবেই আমরা চেষ্টা চালিয়ে যাব (দলকে এগিয়ে নেওয়ার)। আমার থাকা বা না থাকা মূল বিষয় নয়।’
কোচ হিসেবে দীর্ঘ এ সফল যাত্রা নিয়ে তিনি বলেছেন, ‘২০২০ কোপা আমেরিকার পরও আমার মনে হয়েছিল যে সময়টা কঠিন হতে চলেছে। কারণ সবকিছু জেতার পর এবং বিশ্বকাপের দুই বছর বাকি থাকতে সামনে কী আসছে তা নিয়ে একধরনের সংশয় কাজ করেছিল। তবে আমরা পেছনে ফিরে তাকালে বুঝতে পারি যে আমরা লড়াই চালিয়ে যেতে পেরেছিলাম এবং সত্যি বলতে, আমরা পেরেছিও।’
ভবিষ্যতের চ্যালেঞ্জ ও দলের সংস্কৃতি ধরে রাখা প্রসঙ্গে স্কালোনি আরও বলেন, ‘(বিশ্বকাপ) ফাইনাল শেষ হয়েছে; সেটায় জিতেছি না হেরেছি সেটা মুখ্য বিষয় নয়। এখন একটি নতুন চক্র শুরু হতে যাচ্ছে, এবং আমরা সেটিকে সুযোগ হিসেবে নিতে চাই। আমি শিরোপা জয়ের পুনরাবৃত্তির কথা বলছি না, বরং দলের ভেতরের ইতিবাচক পরিবেশ বজায় রাখার কথা বলছি। তবে এটি অর্জন করা বেশ কঠিন। এমন কিছুর পুনরাবৃত্তি সহজ হবে না।’
দলে নতুন মুখ ও তরুণদের অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি জানিয়েছেন, ‘তারা সত্যিই এর যোগ্য। আসন্ন ম্যাচগুলোয় আমাদের উদ্দেশ্য হলো তরুণদের খেলার ধরনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়। এমন তরুণদের ওপর ভরসা রাখার সময় যারা দরজায় কড়া নাড়ছে। আমি সবসময়ই বলে এসেছি বয়স কোনো বিষয় নয়। অভিজ্ঞরা দলে থাকবে কিংবা নতুনরা আসবে, যদি তারা নিজ ক্লাবের হয়ে ভালো পারফর্ম করে এবং আমরা বিশ্বাস করি তাদের এখানে থাকার যোগ্যতা আছে।’
যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া সদ্য সমাপ্ত বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে স্কালোনি বলেছেন, ‘আমরা আগের বিশ্বকাপে (কাতার) অনেক ভালো অবস্থায় পৌঁছেছিলাম, যেখানে প্রায় ৯৫ শতাংশ খেলোয়াড় তাদের সেরা ছন্দে ছিল। কিন্তু এবার আমরা বিশ্বকাপে গিয়েছি একদম প্রান্তিক পরিস্থিতিতে। আমি সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতি মোকাবিলা করেছি। আমাদের খেলোয়াড়রা শতভাগ ফিট না থাকলেও তাদের ওপর ভরসা রেখেছিলাম। আগের টুর্নামেন্টের চেয়ে এবার আমাদের আরও অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’
দলের না হারার মানসিকতার প্রশংসা করে তিনি যোগ করেন, ‘মিসর ও ইংল্যান্ডের ম্যাচগুলো আমাদের বেশিরভাগ মানুষের জন্যই দারুণ উপভোগ্য ছিল। সবাই সেই ম্যাচগুলো দেখে আনন্দ পেয়েছে। আমরা কখনো হাল ছাড়িনি, আর এটিই আমাদের দেওয়া সেরা বার্তা। তারা সবাই দারুণ খেলোয়াড় এবং একে অপরের সেরাটা বের করে আনে। লোকে আমাদের ভালোবাসে। তাই রানার্সআপ হওয়া, দ্বিতীয় স্থান অর্জনও উদযাপন করেছে। এটাই একটি বিজয়। আমি আশা করি ভবিষ্যৎ প্রজন্ম এই ধারা অব্যাহত রাখবে।’
আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ। এ প্রসঙ্গে মেসিকে নিয়ে স্কালোনি বলেছেন, ‘২২ বা ২৩ বছর বয়সের মেসি ছিলেন একজন অনন্য ফুটবলার। আমাদের সঙ্গেও সে ভালো খেলেছে। আমি তাকে তারুণ্যের দিনগুলোয় পেতে চেয়েছিলাম। সে অনন্য, সে এখনো অনন্য। সে আমাদের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করেছে। সে এবং বাকি সবাই যেন স্বস্তিতে থাকে, সেজন্য আমাদের যা যা করার ছিল তার সবই আমরা করেছি।’






