বুরকিনাকে ৭ গোল দিল আর্জেন্টিনা

লিওনেল মেসিকে ছাড়াই দুর্দান্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর, বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্টালে আফ্রিকান প্রতিপক্ষ বুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচটিতে ৭-০ গোলের বড় জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিকরা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ৩য় মিনিটে পেনাল্টি মিস করলেও ফিরতি বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেস। এর কিছুক্ষণ পরই বুরকিনা ফাসোর মৌমুনি দিয়াল্লোর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। প্রথমার্ধেই স্কোরশিটে নাম লেখান জিয়ানলুকা প্রেলিমানি (১১ মিনিট), নিকো পাজ (৩৪ মিনিট) এবং হুলিয়ান আলভারেস (৩৬ মিনিট), যার ফলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধেও বিশ্বচ্যাম্পিয়নরারআক্রমণের ধার বজায় রাখে। ৫৭তম মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্যবধান আরও বাড়ান তরুণ সেনসেশন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। এটি আলবিসেলেস্তে জার্সিতে তার প্রথম গোল। এরপর ম্যাচের শেষ মুহূর্তে (৯০+২ মিনিটে) গোল করে বড় জয় নিশ্চিত করেন জুলিয়ানো সিমেওনে।
তরুণদের ঝালাই করে নিতে এবং নতুন চক্রের জন্য দল প্রস্তুত করতে কোচ স্কালোনির এই পরীক্ষা দারুণভাবে সফল হয়েছে। ঘরের মাঠে সমর্থকদের সামনে আরও একটি গোলউৎসব করে মাঠ ছাড়ল উদীয়মান তারকায় ভরপুর আর্জেন্টিনা দল।




