উরুগুয়ের পর স্পেনের ক্লাব কিনলেন মেসি

স্পেনের ইউই কর্নেয়া ক্লাব কিনেছেন মেসি। ছবি: সংগৃহীত
বার্সেলোনায় নিজের শেষ মৌসুমে কোপা দেল রেতে ইউই কর্নেয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল লিওনেল মেসির। নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি ম্যাচটি। এবার সেই কর্নেয়াই কিনে ফেললেন মেসি। স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই খবর।
কর্নেয়া বিবৃতিতে জানিয়েছে, ‘ইউই কর্নেয়া ঘোষণা করছে, আর্জেন্টাইন ফুটবলার ও আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে ক্লাবটি অধিগ্রহণ করেছেন। এই সম্পর্কের শুরু হয়েছিল তার বার্সেলোনায় কাটানো দীর্ঘ বছরগুলোর মাধ্যমে।’
লিওনেল মেসি ক্লাবের মালিক হয়েছেন আগেই। সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেসের সঙ্গে মিলে উরুগুয়ের চতুর্থ বিভাগে দেপোর্তিভো এলএসএম নামে একটি ক্লাব চালু করেছেন মেসি। এবার তিনি এককভাবেই মালিক হলেন স্পেনের ক্লাবের।
বার্সেলোনার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একই নামের শহরের ক্লাব কর্নেয়া। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাব। ২০২১ সালে কোপা দেল রের দ্বিতীয় রাউন্ডে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছিল তারা। এই ক্লাবে খেলেই পরে তারকা হয়েছেন জর্দি আলবা, জেরার্দ মার্তিন আর দাভিদ রায়া।

