ফুটবলে এনালগ যুগের সমাপ্তি
পকেটের কার্ডের জায়গা নিচ্ছে স্মার্ট ডিভাইস!

সংগৃহীত ছবি
মাঠে কোনো ফুটবলারকে সতর্ক করতে পকেট থেকে কার্ড বের করেন রেফারিরা। এবার উরুগুয়ে কাপের একটি ম্যাচে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। এক ফুটবলারকে সতর্ক করতে ফোনের মতো একটি ইলেকট্রনিক ডিভাইস তুলে ধরেন রেফারি!
ফুটবলে কার্ড দেখানোর নিয়মের আধুনিকীকরণের লক্ষ্যে পরীক্ষামূলক উদ্যোগের অংশ হিসেবেই এমন অভিনব পদ্ধতি বেছে নিয়েছে উরুগুয়ে। পরিচিত হলুদ কার্ডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ডিজিটাল স্ক্রিন।
কোপা উরুগুয়েতে রেন্তিস্তাসের বিপক্ষে নাসিওনালের ম্যাচে ডিভাইসটি ব্যবহার করেন রেফারি এদুয়ার্দো ভারেইয়া।
এই প্রকল্পের নেপথ্যে থাকা সংস্থা রেফির পরিচালক মাউরো সাকো উরুগুয়ের রেডিও ‘এল এস্পেকতাদোর দেপোর্তেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ফুটবলের একমাত্র যে জিনিসটি এখনও অ্যানালগ, আমরা সেখানে প্রযুক্তি নিয়ে আসতে চাই।”’
কার্ড দেখানোর পর সাধারণত তা কলম দিয়ে লিখে রাখেন রেফারিরা। মূলত এটাকে আধুনিক করার ভাবনা থেকেই এই ডিজিটাল কার্ডের ব্যাপারটি এসেছে। নতুন ডিভাইসটি টাইমস্ট্যাম্পসহ ম্যাচের ঘটনাগুলো রেকর্ড করবে।
রেফারি ভারেইয়ার মতে, নতুন এই যন্ত্রটি ব্যবহারে আরামদায়ক ছিল এবং এর সফটওয়্যার দ্রুত সাড়া দিত, ‘যদিও এখানে দ্রুত কার্ড দেখানোর সেই জাদুকরি ব্যাপারটি কিছুটা হারিয়ে যায়। কিন্তু তবুও আমি মনে করি এটি আমাদের অনেক সাহায্য করবে, বিশেষ করে প্রশাসনিক দিক থেকে।'
দর্শকদের কাছে রঙগুলোকে আরও স্পষ্ট করার জন্য ডিভাইসটির চারপাশে এলইডি লাইটিংসহ বিভিন্ন পরিবর্তনের কথা ভাবছেন ডেভেলপাররা।
এই প্রযুক্তিকে আরও উন্নত করার পর অবশেষে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও বিশ্ব ফুটবলের সংস্থা ফিফা এটিকে স্বীকৃতি দেবে এবং গ্রহণ করবে বলে আশা করছে রেফি।



