১৩৬ বছরের রেকর্ড ভাঙলেন ফ্লিনটফের ছেলে

সংগৃহীত ছবি
তার শরীরে বইছে বিধ্বংসী এক ক্রিকেটারের রক্ত। ২২ গজে রকি ফ্লিনটফের ব্যাটে ঝড় ওঠা যেন ছিল সময়ের ব্যাপার। অবশেষে ১৮ বছর বয়সে সিনিয়র ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেন ইংল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি। মাত্র ৬৫ বলে রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকিয়ে নিজের আগমনী বার্তা দিলেন ফ্লিনটফ জুনিয়র।
কাউন্টি ক্রিকেটে দ্য মেট্রোব্যাংক ওয়ানডে কাপে ল্যাঙ্কাশায়ারের হয়ে সমারসেটের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন রকি। টনটনে অনুষ্ঠিত ম্যাচটিতে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন রকি।
ক্রিজে নেমে শুরু থেকেই রকি ছিলেন আক্রমণাত্মক মুডে। সমারসেটের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৭৬ বলে ১০টি চার ও ৭টি ছক্কায় ১২৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন।
রকির সেঞ্চুরিতে ভর করেই ৬ উইকেটে ৪৪৩ রানের বিশাল পুঁজি পায় দল। লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে তাদের সর্বোচ্চ দলীয় রান।
এই সেঞ্চুরিতে ১৩৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রকি। মাত্র ১৮ বছর ১২৬ দিন বয়সে পেশাদার ক্রিকেটের প্রথম সেঞ্চুরি পেয়েছেন তিনি। ল্যাঙ্কাশায়ারের সিনিয়র দলের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। রকি ছাড়িয়ে গেছেন ১৮৯০ সালে সাউথ সাক্সেসের বিপক্ষে ১৮ বছর ২৫৬ দিন বয়সে ১০৬ রান করা আর্চি ম্যাকলারেনকে।
রকি শেষ পর্যন্ত অভিজ্ঞ পেসার মিগেল প্রিটোরিয়াসের বলে আউট হন। বাউন্ডারি লাইনে ক্যাচটি নেন সমারসেটের অলরাউন্ডার আর্চি ভন, যিনি রকির বাবার প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের ছেলে!
জবাবে ৪৪৪ রানের বিশাল জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ল্যাঙ্কাশায়ারের পেসারদের তোপের মুখে সমারসেট গুটিয়ে যায় ২৭০ রানেই। ১৭৪ রানের বিশাল জয়ে ওয়ানডে কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ল্যাঙ্কাশায়ার।




