সেই ঢাকাতেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট ভারতের

সংগৃহীত ছবি
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল ফাইনালে দেখা মিলেছিল অভিনব দৃশ্য। পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও বিরল সৌহার্দ্য দেখায় দুই দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এক অন্যকে ‘গার্ড অব অনার’ দেয় তারা।
সেই ঢাকাতে আজ ক্রিকেটে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট করল ভারত! এবিজি স্পোর্টস সিটিতে বৃষ্টিতে ভেসে যায় ব্লাইন্ড এশিয়া কাপ ফাইনালের ভারত-পাকিস্তান ম্যাচ। বৈরী আবহাওয়ায় শিরোপা নির্ধারণী ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। এরপর চ্যাম্পিয়নের মুকুট দেওয়া হয় পাকিস্তানকে। এটাই মানতে পারেনি ভারত। তাই পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট করে তারা।
ভারতের অভিযোগ দৃষ্টিহীনদের এশিয়া কাপে পাকিস্তানকে অন্যায্য ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
শুক্রবার দৃষ্টিহীনদের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। তবে বৃষ্টির কারণে ম্যাচ আয়োজন করা যায়নি। পরে ঘোষণা করা হয়, রান রেট বেশি থাকায় চ্যাম্পিয়ন পাকিস্তান। এতেই ক্ষুব্ধ হয় ভারতীয় শিবির। তারা অভিযোগ জানাতে থাকে, নিয়মের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ফাইনাল ভেস্তে গেলে দু’দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করাটাই নিয়ম। আয়োজকরা সেটা আমলে নেননি।
এর পরেই ভারতের দৃষ্টিহীন ক্রিকেট সংস্থার (সিএবিআই) সচিব শৈলেন্দ্র জানান, ভবিষ্যতে আর পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত। রান রেটে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ‘ইন্ডিয়া টুডে’কে তিনি বলেছেন, ‘পাকিস্তান জোর করে নিজেদের চ্যাম্পিয়ন ঘোষণা করেছে। লজ্জাজনক কাজ করেছে পাকিস্তান। মাঠে জিততে না পারলেই এ ধরনের কৌশল নেয় তারা। নিজেদের প্রতিপত্তি জাহির করে ওরা নিজেদের বিজয়ী ঘোষণা করেছে। পিসিবি-র লজ্জিত হওয়া দরকার।’
বিশ্ব দৃষ্টিহীন ক্রিকেট সংস্থার সচিব সুলতান শাহের দিকে আঙুল তুলে শৈলেন্দ্র বলেছেন, ‘আপনারও লজ্জিত হওয়া দরকার। আপনি আদৌ আইসিসি বা ডব্লিউবিসিসি-র নিয়ম জানেন তো?’ ভারতের অভিযোগ, এই সুলতানই দুই দলকে বিজয়ী ঘোষণা করায় আপত্তি জানিয়েছিলেন। তিনি ম্যাচ রেফারিকে নির্দেশ দেন পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করতে।
শৈলেন্দ্র জানিয়েছেন, ‘ফাইনাল রান রেট দিয়ে জেতা যায় কীভাবে? লিগ পর্বে রান রেট কাজে লাগে, যখন দলগুলো পরবর্তী রাউন্ডে ওঠার লড়াই করে। সেমিফাইনালেও রান রেট ভাল থাকলে জেতা যায় না। ফাইনালে রিজার্ভ ডে থাকা দরকার। তা না হলে দু’দলকেই বিজয়ী ঘোষণা করতে হয়।’
নিয়মে কী আছে
টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশনের রুল ২৭-এ ফাইনাল নিয়ে স্পষ্ট বলা আছে। সেখানে বলা আছে, ফাইনাল টাই হলে তা এক ওভারের এলিমিনেটরের (সুপার ওভার) মাধ্যমে নিষ্পত্তি হবে; আর বৈরী আবহাওয়ায় এলিমিনেটর ভেস্তে গেলে কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে পুরো আসরে যে দলের নেট রান রেট ভালো, তাকেই বিজয়ী ঘোষণা করা হবে।
ভারত এই ধারাটিকে অন্যভাবে দেখছে। শৈলেন্দ্র যুক্তি দিয়েছেন যে, নেট রান রেট মূলত লিগ পর্বে পরের ধাপে ওঠার লড়াইয়ে কাজে লাগে, আর ফাইনালে একটি রিজার্ভ ডে থাকা জরুরি। তার মতে, রিজার্ভ ডে না থাকলে ফাইনালকে ‘ড্র’ ঘোষণা করা উচিত কিংবা দুই দলকেই যৌথ বিজয়ী করা উচিত।





