হোপের সেঞ্চুরিতে জয়ের ‘হোপ’ উইন্ডিজের

এক ম্যাচ আগেই সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে ভারতকে জয় বঞ্চিত করেছিলেন। এবার আরও একবার শতরানের দেখা পেলেন শেই হোপ। উইন্ডিজ অধিনায়ক ইনিংসের শেষ দুই বলে টানা ছক্কা মেরে নিশ্চিত করেন সেঞ্চুরি। এতে দল পেয়েছে ৩ উইকেটে ২৪৭ রানের পুঁজি। ভারত কোচ গৌতম গম্ভীরের জন্মদিনে জয়ের জন্য বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সফরকারীরা।
ওপেনিংয়ে নেমে শেই হোপ শেষ পর্যন্ত ৫০ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে শারফেন রাদারফোর্ডের ২৬ বলে ৪৯ রানে ভারতের সঙ্গে শেষ টি-টোয়েন্টিতে বড় রানের পুঁজি গড়ে ক্যারিবিয়ানরা। চতুর্থ উইকেটে হোপ ও রাদারফোর্ডের জুটি ৯১ রানের। মাত্র ৭.১ ওভারে এই রান তোলেন দুই ব্যাটার।
৭৩ ম্যাচ খেলা হোপের এটি দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতেও ১০২ রানে অপরাাজিত ছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক। সেই দারুণ ফর্ম টেনে আনলেন আরও এক ম্যাচে। হোপ ও রাদারফোর্ডের জুটিতে তাই সিরিজে ২-২ ব্যবধান করার আশা পেয়েছে উইন্ডিজ।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল ভারত। পরে এক ম্যাচ হেরে গেলেও তৃতীয় ম্যাচে আবারও জয় দিয়ে সিরিজে ফেরে স্বাগতিকরা। বুধবারের ম্যাচে জিতলে সিরিজ নিশ্চিত হবে ভারতের।



